ক্রোধের আড়ালে সমাজের আসল ছবি
রাগ, হতাশা, মানসিক ক্লান্তি—আজকের জীবনে এই অনুভূতিগুলো যেন ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। ব্যক্তিগত সমস্যার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাও মানুষের মনে তৈরি করছে চাপ। বাস্তব হয়ে ওঠা ব্যঙ্গ, হাস্যরস ও তীক্ষ্ণ সংলাপের মাধ্যমে মঞ্চে তুলে ধরছে রাজনৈতিক নাটক ‘তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল’।
গল্পের শুরু একটি অদ্ভুত অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে। নিজেদের মানসিক টানাপড়েন ও আবেগের সমস্যা নিয়ে সেখানে হাজির হয় তিনজন মানুষ। রিসেপশনিস্ট ও কাউন্সেলরের সঙ্গে তাদের কথোপকথনের মধ্য দিয়ে ধীরে ধীরে সামনে আসে ব্যক্তিগত হতাশা, আবেগ এবং জীবনের নানা অপ্রকাশিত সত্য।
প্রথমে সাধারণ কাউন্সেলিংয়ের গল্প মনে হলেও নাটক এগোতে থাকলে তার পরিধি আরও বড় হয়। পরিচয়ের সংকট, সামাজিক মানসিকতা, রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং টিকে থাকার লড়াই উঠে আসে। হাসির আড়ালে প্রকাশ পায় এক কঠিন বাস্তব—ব্যক্তিগত ক্রোধ আসলে অনেক সময়ে বৃহত্তর সামাজিক পরিস্থিতিরই প্রতিফলন।
নাটকটি দর্শকদের সরাসরি কোনও উপদেশ দেয় না। বরং দর্শকের সামনে তুলে ধরে একটি আয়না, যেখানে ধরা পড়ে বর্তমান সময়ের অস্থিরতা ও মানুষের মানসিক ক্লান্তি। গল্প, চিত্রনাট্য ও নির্দেশনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক, সৌরভ চক্রবর্তী, শম্পা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা বসু, সুদেষ্ণা পাল ও দেবজ্যোতি পাল। সহকারী নির্দেশনায় পম্পা বন্দ্যোপাধ্যায়।