Sridevi: শ্রীদেবীকে 'বাহুবলী' ছবি থেকে বাদ দিয়েছিলেন রাজামৌলি! কেন জানেন? | Deepika sandeep vanga spirit feud sridevi ss rajamouli baahubali - 24 Ghanta Bangla News
Home

Sridevi: শ্রীদেবীকে ‘বাহুবলী’ ছবি থেকে বাদ দিয়েছিলেন রাজামৌলি! কেন জানেন? | Deepika sandeep vanga spirit feud sridevi ss rajamouli baahubali

Spread the love

প্রভাস অভিনীত ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়াকে কেন্দ্র করে সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে তাঁর দ্বন্দ্ব এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয়। সম্প্রতি ছবির প্রযোজক প্রণয় রেড্ডি বঙ্গা অভিযোগ তোলেন, দীপিকা নাকি ছবির লভ্যাংশের অংশ, বর্ধিত পারিশ্রমিক এবং নির্দিষ্ট সময়ের শুটিং-সহ একাধিক দাবি তুলেছিলেন। এর জবাবে বঙ্গা ভাইদের ‘নারীবিদ্বেষী’ ও ‘ভঙ্গুর অহংসম্পন্ন’ আখ্যা দিয়ে করা একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন দীপিকা।

তবে এই ধরনের বিতর্ক নতুন নয়। দীপিকা বনাম সন্দীপ রেড্ডি বঙ্গা দ্বন্দের বহু আগেই প্রভাসের অপর এক ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী’-র কাস্টিং নিয়ে পরিচালক এস এস রাজামৌলি এবং কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছিল।

শ্রীদেবীর কী কী ‘দাবি’ ছিল?

‘বাহুবলী’ ছবিতে ‘শিবগামী’ চরিত্রের জন্য রাজামৌলির প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা ভেস্তে যায়। এক সাক্ষাৎকারে রাজামৌলি দাবি করেন, শ্রীদেবী নাকি নিজের থাকার জন্য আস্ত একটি হোটেল ফ্লোর বুক করার দাবি জানিয়েছিলেন। এছাড়া ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক এবং তাঁর সহযোগীদের জন্য ১০টি বিজনেস-ক্লাস বিমানের টিকিটের শর্ত রাখেন। রাজামৌলি এমনকী, এও মন্তব্য করেছিলেন যে, শ্রীদেবী এই ছবিতে কাজ না করায় ছবিটির শেষ পর্যন্ত ভালোই হয়েছে।

রাজামৌলির কথায়, “আমাদের কপাল ভালো যে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন… প্রতিবার আমাদের ৫টি বিজনেস-ক্লাস টিকিট এবং বিলাসবহুল হোটেল রুম বুক করতে হতো।” তিনি জানান, এই খরচগুলো শ্রীদেবীর পারিশ্রমিক থেকে কাটতে বলা হলে অভিনেত্রী তা নাকচ করে দেন। পরিচালক যোগ করেন, “ওরা লভ্যাংশের একটি নির্দিষ্ট শতাংশও দাবি করেছিল। বিষয়টা অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল, যা আদতে কোনও কাজের ছিল না।” একই সঙ্গে রাজামৌলির দাবি ছিল, শ্রীদেবীর অভিনয়শৈলী কিছুটা মৃদু বা সূক্ষ্ম, যা ‘শিবগামী’ চরিত্রের তীব্রতার সঙ্গে ঠিক খাপ খেত না।

রাজামৌলির এই বিস্ফোরক বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানান শ্রীদেবী। একই চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “ওঁর সাক্ষাৎকার দেখে আমি অত্যন্ত হতবাক ও মর্মাহত হয়েছি। রাজামৌলিকে আমি একজন শান্ত ও মার্জিত মানুষ বলেই জানতাম। ওঁর সঙ্গে কাজ করতে পারলে আমি ভীষণ আনন্দিত হতাম। কিন্তু বিষয়টিকে যেভাবে তিনি প্রকাশ্যে উপস্থাপন করেছেন, তা আমাকে ভীষণ ব্যথিত করেছে।”

শ্রীদেবী আরও বলেন, “আমি সত্যিই যদি অমন স্বভাবের হতাম, তবে এই ইন্ডাস্ট্রি অনেক আগেই আমাকে বাতিল করে দিত। প্রযোজক হয়তো রাজামৌলিকে ভুল কিছু বুঝিয়েছিলেন কি না জানি না, তবে প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলা একেবারেই রুচিসম্মত নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *