প্রাণ বাঁচল আমগাছে আটকে, নেপালে হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন বিবেক
সদ্যনির্মিত বাড়ি। তার বাইরে শৌচাগারের গর্ত খোঁড়া হচ্ছিল। পাঁচ ফুট গভীর সেই গর্ত খুঁড়তে খুঁড়তে তত ক্ষণে অনেকটাই নীচে নেমে গিয়েছিলেন বিবেক কুমাল। তাঁর সহকর্মীরা দাঁড়িয়েছিলেন গর্তের বাইরে। সেই সময়ে আচমকাই জলের শোঁ শোঁ শব্দ কানে ভেসে আসে। প্রথম অভিঘাতে খানিক থমকেই গিয়েছিলেন বিবেকরা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ধেয়ে এসেছিল জলের তোড়!
কাদা-পাথরমিশ্রিত জলের সেই স্রোত দেখে বিবেককে সতর্কও করেছিলেন সহকর্মীরা। তাঁকে জলদি উঠে আসতে বলেছিলেন। কিন্তু বিবেক যতক্ষণে গর্ত থেকে উঠে আসেন, ততক্ষণে দৌড় দিয়েছেন চার সহকর্মী। তা দেখে বিবেক দৌড় দেন। অবিশ্বাস্য হলেও, শেষমেশ রাস্তার ধারে থাকা একটি আমগাছে আটকা পড়ে বছর চব্বিশের সেই যুবক কোনও ক্রমে প্রাণে রক্ষা পেলেন।