পরীক্ষার নামে রোগীর যৌন হেনস্থা, কর্তব্যে গাফিলতি! কল্যাণী জেএনএম-এ হুলস্থূল - 24 Ghanta Bangla News
Home

পরীক্ষার নামে রোগীর যৌন হেনস্থা, কর্তব্যে গাফিলতি! কল্যাণী জেএনএম-এ হুলস্থূল

Spread the love

কল্যাণী: স্বাস্থ্যক্ষেত্রে ফের শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ। এবার ঘটনাস্থল কল্যাণীর কলেজ অব মেডিসিন এবং জেএনএম হাসপাতাল (JNM Hospital)। শারীরিক পরীক্ষার অছিলায় রোগীদের অজান্তেই যৌন হেনস্থা করার…

কল্যাণী: স্বাস্থ্যক্ষেত্রে ফের শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ। এবার ঘটনাস্থল কল্যাণীর কলেজ অব মেডিসিন এবং জেএনএম হাসপাতাল (JNM Hospital)। শারীরিক পরীক্ষার অছিলায় রোগীদের অজান্তেই যৌন হেনস্থা করার মতো গুরুতর অভিযোগ উঠল খোদ হাসপাতালেরই এক আরএমও (RMO)-এর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন ওই হাসপাতালেরই পোস্টগ্র্যাজুয়েট ট্রেনি (PGT) বা জুনিয়র চিকিৎসকেরা। শুধু শ্লীলতাহানিই নয়, জরুরি পরিষেবার সময় কর্তব্যে গাফিলতি এবং সহকর্মীদের নামে কুৎসা রটানোর মতো একাধিক অভিযোগও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।

ঠিক কী অভিযোগ উঠেছে ওই আরএমও-র বিরুদ্ধে? হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি পিজিটি-দের তরফ থেকে কলেজের প্রিন্সিপালের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সেই চিঠিতে জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন, ওই আরএমও চিকিৎসক হিসেবে নিজের সীমানা বা ‘বাউন্ডারি’ লঙ্ঘন করে রোগীদের যৌন হেনস্থা করেছেন। অভিযোগ, নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা নিয়ে আসা রোগীদের পরীক্ষার নামে তিনি একাধিকবার তাঁদের ‘স্তনে’ হাত দিয়েছেন। এমনকি, অকারণে এক রোগীর পোশাক পর্যন্ত খোলানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, যা চিকিৎসাশাস্ত্রের নীতি ও নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী।

রোগীর সঙ্গে এহেন অশালীন আচরণের পাশাপাশি, ওই আরএমও-র পেশাদারি আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন পিজিটি-রা। তাঁদের অভিযোগ, জরুরি অবস্থার (এমার্জেন্সি) সময় প্রয়োজন থাকলেও কেসে যান না ওই চিকিৎসক। উপরন্তু, পিজিটি এবং অন্যান্য সহকর্মীদের আড়ালে তাঁদের সম্পর্কে নিন্দামন্দ করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কলেজের নির্দিষ্ট কমিটি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এই প্রসঙ্গে জেএনএম হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা: ধ্রুব সরকার বলেন, “বিষয়টা নিয়ে আমার কাছে অভিযোগ জমা পড়েছিল। আমি প্রিন্সিপালের কাছে সেটা পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। অনেককেই সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে।”

হাসপাতাল সূত্রের খবর, এই ক্ষোভ আজকের নয়। বেশ কয়েক বছর ধরেই ওই আরএমও-র বিরুদ্ধে মৌখিকভাবে নানা অভিযোগ জানিয়ে আসছিলেন পিজিটি-রা। কিন্তু লিখিত অভিযোগ না থাকায় এতদিন প্রশাসনিক স্তরে কোনও কড়া পদক্ষেপ করা যায়নি। কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র বৈঠক ডেকে সকলকে সতর্ক করেই দায় সারা হয়েছিল। তবে চলতি বছরে পিজিটি-রা একজোট হয়ে লিখিত অভিযোগ দায়ের করায় অবশেষে পদক্ষেপ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তবে এই গুরুতর অভিযোগ স্বাস্থ্যভবনের কান অবধি পৌঁছেছে কি না, বা পৌঁছলেও তারা স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আপাতত তদন্ত কমিটির রিপোর্ট এবং হাসপাতালের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছে সব মহল।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *