নিম্নচাপের গেরো! জোড়া ফলায় সপ্তাহান্তেও কি ভাসবে দক্ষিণবঙ্গ? - 24 Ghanta Bangla News
Home

নিম্নচাপের গেরো! জোড়া ফলায় সপ্তাহান্তেও কি ভাসবে দক্ষিণবঙ্গ?

Spread the love

কলকাতা: সকাল সকাল বাড়ি থেকে বেরোতেই আচমকা বৃষ্টি। আর তাতেই অফিস টাইমে বিস্তর নাকাল হতে হল শহরবাসীকে। ছাতা মাথায় বা রেনকোট গায়ে চাপিয়ে গন্তব্যে পৌঁছলেও,…

কলকাতা: সকাল সকাল বাড়ি থেকে বেরোতেই আচমকা বৃষ্টি। আর তাতেই অফিস টাইমে বিস্তর নাকাল হতে হল শহরবাসীকে। ছাতা মাথায় বা রেনকোট গায়ে চাপিয়ে গন্তব্যে পৌঁছলেও, স্বস্তির খবর শোনাতে পারল না হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই এই বৃষ্টি থেকে রেহাই মেলার কোনও সম্ভাবনা নেই। বরং নিম্নচাপের ভ্রুকুটিতে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ছুটির দিনের পরিকল্পনাতেও জল ঢালতে পারে আবহাওয়া।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি নিম্নচাপ এবং ঝাড়খণ্ড থেকে দিঘা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার জেরে আবহাওয়ার এই রদবদল। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়াও। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি না হলে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম মাত্রায় পৌঁছবে। কলকাতাতেও বৃহস্পতিবার আকাশ মূলত মেঘলা থাকবে, সঙ্গে চলবে দু-এক পশলা বৃষ্টি। শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও গুমোট ভাব বজায় থাকবে।

তবে দুর্যোগের আসল চিত্রটি তৈরি হতে পারে সপ্তাহান্তে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শনি থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উইকেন্ডে এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২৯ অগস্ট) দুই ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার, অর্থাৎ ছুটির দিনে দুর্যোগ আরও কিছুটা বাড়তে পারে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে বিস্তীর্ণ এলাকা। সোমবারও ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের জন্য সরাসরি সতর্কতা না থাকলেও, উপকূলের বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির এমন ভ্রুকুটি, তখন উত্তরবঙ্গের ছবিটা কেমন? আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, তখন উলটপুরাণ দেখা যাবে উত্তরে। শনিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সব মিলিয়ে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের এই জোড়া ফলায় সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ছাতা ছাড়া বাড়ির বাইরে পা না রাখাই শ্রেয়।

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা খাতে ২৭০০ কোটি অনুমোদন দিল মোদী সরকার

‘আজাদি’ স্লোগানের পালটা? রাখিতে যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম, থাকবেন শুভেন্দু

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *