টি-শার্টই ‘বিপদ সংকেত’! হড়পা বানের মাঝে কিশোরকে নাটকীয় উদ্ধার নেপাল আর্মির
ছাদে দাঁড়িয়ে টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের পর বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল জলের তোড়ে খেলনার মতো যেন ভেসে গিয়েছে বাড়িঘর, রাস্তা, সেতু থেকে শুরু করে সবকিছু।
তবে এই দুর্যোগ মাঝেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার এখন খুব চর্চায় রয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি বহুতল আবাসনের ছাদে আটকে পড়েছে এক কিশোর। বাড়িটির চারপাশ দিয়ে তখন বইছে প্রবল জলস্রোত। নীচে নামার কোনও নিরাপদ রাস্তা নেই। ফলে শেষ পর্যন্ত ছাদে উঠে নিজের টি-শার্ট নাড়িয়ে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সে।
নেপাল সেনার উদ্ধারকার্য
কিশোরেক সংকেত দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নেপাল সেনার একটি হেলিকপ্টার। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, জলের স্রোত এবং ধ্বংসস্তূপের মধ্যে হেলিকপ্টার নামানোর কাজ ছিল অত্যন্ত বিপজ্জনক। কিন্তু পাইলট দক্ষতার সঙ্গে সেই হেলিকপ্টার বাড়ির ছাদের কাছে নিয়ে যেতেই এক জওয়ান কিশোরের হাত ধরে টেনে হেলিকপ্টারের ভিতরে তুলে নেন। কয়েক মুহূর্তের ওই উদ্ধার অভিযানে প্রাণে বেঁচে যায় ওই কিশোর।
সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ার এই ভিডিয়ো দেখে উদ্ধারকারীদের ভূয়সী প্রশংসা করা হয়েছে। প্রবল বন্যার মধ্যেও কী ভাবে আর্মির সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন তা নিয়ে অনেকে একে ‘সাহসিকতার উদাহরণও’ বলেছেন।