একাই ভারতের থেকে জয় ছিনিয়ে নিলেন দিনুশা, দুরন্ত সেঞ্চুরিতে গড়লেন নয়া রেকর্ড
জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল আর ৪ উইকেট। বৃষ্টিও বাধা হয়ে দাঁড়ায়নি শেষ দিনে। কিন্তু একা ‘কুম্ভ’ হয়ে উঠে ভারতের হাত থেকে জয় ছিনিয়ে নিলেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা। ড্র হলো দ্বিতীয় টেস্ট। পঞ্চম দিনে প্রায় ৯০ ওভার বোলিং করে তিনটি উইকেট ফেলতে পারলেন রবীন্দ্র জাডেজা, মানব সুতাররা। একটা প্রান্ত আগলে মোট ২৬৪ বল খেলে ১৩৩ রানে অপরাজিত থেকে গেলেন দিনুশা।
বড় রান না পেলেও উইকেটে টিকে থেকে দিনুশাকে যোগ্য সঙ্গ দিলেন লোয়ার অর্ডারের কেশরা নুয়ান্থা, লাহিরু কুমারারা। ২১৬ রানে লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে শ্রীলঙ্কা। তখন প্রায় শেষ হয়েই এসেছে পঞ্চম দিনের খেলা। তাই বাধ্য হয়ে ড্রয়ের পথে হেঁটে হাত মেলান দুই দলের ক্রিকেটাররা। ১-০ ফলে সিরিজ় জিতলেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বড় ধাক্কা খেল ভারত।