Test Bowlers Ranking: বুমবুম স্টার্ক, বুমরাকে চেয়ার থেকে নামিয়ে দিলেন অজি পেসার! - 24 Ghanta Bangla News
Home

Test Bowlers Ranking: বুমবুম স্টার্ক, বুমরাকে চেয়ার থেকে নামিয়ে দিলেন অজি পেসার!

Spread the love

Test Bowlers Ranking: বুমবুম স্টার্ক, বুমরাকে চেয়ার থেকে নামিয়ে দিলেন অজি পেসার!

কলকাতা : বড়সড় পরিবর্তন হল আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাকে সরিয়ে কেরিয়ারে প্রথমবার শীর্ষস্থান দখল করলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ১০ উইকেট নেওয়ার পর এই স্বীকৃতি পেলেন তিনি।

ম্যাকেটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল হাতে কার্যত একাই ম্যাচের রং বদলে দিয়েছিলেন স্টার্ক। প্রথম ইনিংসে মাত্র ১২ রানে ৬ উইকেট নেন তিনি। এর মধ্যে মাত্র ২২ বলের মধ্যে ৫ উইকেট পান স্টার্ক। দ্বিতীয় টেস্টে তাঁর আরও ৪ উইকেটের প্রাপ্তি হয়। শেষ পর্যন্ত ইনিংস ও ৫১ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ম্যাচ ও সিরিজ – দুইয়েরই সেরা নির্বাচিত হন স্টার্ক। দুই টেস্টে তাঁর মোট শিকার ১২ উইকেট। ম্যাকেতে এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাট হেনরি ও বুমরাকে টপকে গেলেন স্টার্ক। ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে এখন টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরে তিনি। দ্বিতীয় স্থানে থাকা বুমরার পয়েন্ট ৮৬২ ও তৃতীয় ম্যাট হেনরির পয়েন্ট ৮৬১। কেরিয়ারে এর আগে টেস্ট বোলিং তালিকায় স্টার্কের সেরা পজিশন ছিল দ্বিতীয়। এবার তিনি প্রথম।

৬৯৭ দিন টেস্ট বোলিং তালিকার শীর্ষে ছিলেন বুমরা। কোনও ভারতীয় বোলারের ক্ষেত্রে এটাই সর্বাধিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ খেললে তাঁর শীর্ষস্থান ধরে রাখার সুযোগ থাকত। কিন্তু হাঁটুর চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে যান বুমরা। ক্রমতালিকায় উন্নতি করেছেন প্যাট কামিন্সও। এই মুহূর্তে ৪র্থ স্থানে আছেন কামিন্স। অন্যদিকে ইংল্যান্ডের পেসার অলি রবিনসনও ১৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। ভারতের বাঁ-হাতি স্পিনার মানব সুতারও বড় লাফ দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১০ উইকেট নেওয়ার পর ২৮ ধাপ উঠে ৪৮ নম্বরে পৌঁছেছেন মানব।

ব্যাটারদের তালিকাতেও ভারতের জন্য সুখবর। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৯ ও ৬৬ রানের ইনিংস খেলে এক বছরেরও পর ফের টেস্ট ক্রিকেটে ব্যাটারদের তালিকায় প্রথম ১০-এ জায়গা পেলেন পন্থ। ব্যাটিংয়ের শীর্ষে রয়েছেন হ্যারি ব্রুক। দ্বিতীয় স্থানে সতীর্থ জো রুট। দুজনের মধ্যে ব্যবধান এখন ২৪ রেটিং পয়েন্টের। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তৃতীয় ও ট্র্যাভিস হেড চতুর্থ স্থানে রয়েছেন। টেস্টে অলরাউন্ডারের শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *