রাস্তার গর্তে জমেছে হাঁটু জল, বিক্ষোভ
এই সময়, বসিরহাট: গ্রামের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে জল জমে বেহাল। হাঁটু সমান জল পেরিয়ে গ্রামের মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে বাধ্য হচ্ছে। ঘটনাটি বসিরহাট-১ ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের আটকড়িয়া গ্রামের ১২১ নম্বর বুথের। দীর্ঘ কয়েক দশক ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার রাস্তার গর্তে জমে থাকা হাঁটু জলে নেমে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হয়নি। আটকড়িয়া গ্রামের এই রাস্তাটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। স্কুল-কলেজের পড়ুয়া, কৃষক থেকে শুরু করে অসুস্থ ও মুমূর্ষু রোগীদেরও এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়।
দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি স্কুলে যাওয়ার সময় কয়েকজন শিশু রাস্তার গর্তে পড়ে আহত হয়েছে। গর্ভবতী মহিলা বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে এই রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢুকতে চায় না। রোগীকে কাঁধে করে মূল রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়।
রাস্তা সংস্কারের জন্য একাধিকবার শিডিউল বা কাজের বিজ্ঞপ্তি টাঙানো হলেও বাস্তবে রাস্তার কাজ হয়নি। এমনকি রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হলেও সেই টাকা ব্যবহার করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। রাস্তার জন্য বরাদ্দ অর্থ কোথায় গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।