'নিঃসঙ্গ বন্দিদশায় হয়তো আর বাঁচবেন না বাবা!' ইমরানের স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক দুই ছেলে - 24 Ghanta Bangla News
Home

‘নিঃসঙ্গ বন্দিদশায় হয়তো আর বাঁচবেন না বাবা!’ ইমরানের স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক দুই ছেলে

Spread the love

ইসলামাবাদ: সঠিক ও উপযুক্ত চিকিৎসা না পেলে অনির্দিষ্টকালের এই নিঃসঙ্গ বন্দিদশায় হয়তো আর বাঁচবেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ‘ফিনান্সিয়াল টাইমস’-এর একটি রিপোর্ট অনুযায়ী,…

ইসলামাবাদ: সঠিক ও উপযুক্ত চিকিৎসা না পেলে অনির্দিষ্টকালের এই নিঃসঙ্গ বন্দিদশায় হয়তো আর বাঁচবেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ‘ফিনান্সিয়াল টাইমস’-এর একটি রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার এক অনলাইন সাংবাদিক বৈঠকে ঠিক এই ভাষাতেই বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরানের দুই ছেলে কাসিম খান এবং সুলেমান খান। তাঁদের অভিযোগ, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরানকে কোনও বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানো হচ্ছে না এবং পরিবারের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরানের আন্তর্জাতিক আইনজীবী জ্যারেড গেনসার জেলের এই পরিস্থিতিকে “ধীর গতির খুন” (Slow-motion murder) বলে আখ্যা দিয়েছেন।

সাংবাদিক বৈঠকে কাসিম জানান, প্রায় তিন বছর ধরে নিঃসঙ্গ বন্দিদশায় থাকার ফলে ৭৩ বছর বয়সি ইমরানের স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। তাঁর কথায়, “বাবা একাধিক নৃশংস প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফিরেছেন। গত তিন বছর ধরে তিনি নিঃসঙ্গ বন্দিদশা সহ্য করছেন ঠিকই, কিন্তু তাঁর শরীরকে এর চরম মূল্য চোকাতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে জেলের মধ্যে তিনি হয়তো আর টিকতে পারবেন না।”

কাসিমের আরও অভিযোগ, ইমরানকে ৬ ফুট বাই ৮ ফুটের একটি জানালাবিহীন ও সূর্যালোকহীন কুঠুরিতে রাখা হয়েছে। দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় তাঁকে ওই সেলেই আটকে রাখা হয়। গত অক্টোবরে তাঁর চোখের সমস্যা শুরু হলে টানা তিন মাস তাঁকে শুধু আই-ড্রপ দিয়ে ফেলে রাখা হয়। ফেব্রুয়ারিতে যখন তাঁকে ঠিকমতো পরীক্ষা করা হয়, ততদিনে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গিয়েছে।

বিচ্ছিন্ন পরিবার, সরব আন্তর্জাতিক মহল

ইমরানের অন্য ছেলে সুলেমান জানান, বছরের পর বছর ধরে তাঁরা বাবার সঙ্গে দেখা করতে পারছেন না। তাঁদের ভিসার আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছে। আগে যে ফোন কলগুলি হতো, তা-ও ছিল অনিয়মিত, অত্যন্ত সংক্ষিপ্ত এবং নজরদারির আওতাভুক্ত। সুলেমানের দাবি, “গত ছ’মাসে আমরা একবারও বাবার সঙ্গে কথা বলতে পারিনি। আদালত হস্তক্ষেপ করার আগে প্রায় ১০ মাস আমাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।”

মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় রাষ্ট্রসংঘের একাধিক কমিটি এবং মার্কিন কংগ্রেস ও ব্রিটিশ হাউস অফ লর্ডসের সদস্যরাও সরব হয়েছেন বলে জানান সুলেমান। তিনি আরও দাবি করেন, ভারতীয় ক্রিকেটার-সহ বিশ্বের ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবিতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

কাঠগড়ায় পাক সেনা

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে সুলেমান স্পষ্ট জানান, পাকিস্তানের প্রশাসনে সেনার প্রভাব ক্রমশ বাড়ছে। তাঁর কথায়, “বাবার ওপর এই অত্যাচার এবং তাঁকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখার নেপথ্যে যে সম্পূর্ণভাবে সামরিক এস্টাবলিশমেন্ট জড়িত, তা নিয়ে কোনও সন্দেহ নেই।” ইমরানের আইনজীবী গেনসারও পাক সেনাপ্রধান আসিম মুনিরকে তোপ দেগে বলেন, তাঁর নেতৃত্বাধীন এই শাসনব্যবস্থা আদতে একটি “স্বৈরাচারী শাসন” এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবক্ষয়ের চূড়ান্ত নিদর্শন।

সুপ্রিম কোর্টের নির্দেশ ও বর্তমান সংঘাত

গত ১৮ অগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে (বেসরকারি) স্থানান্তরিত করে তাঁর সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। নির্দেশ ছিল, কার্ডিওলজিস্ট, চক্ষু বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান এবং ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়জল সুলতানকে নিয়ে একটি স্বাধীন মেডিক্যাল প্যানেল গঠন করতে হবে।

কিন্তু অভিযোগ, ২০ অগস্ট কর্তৃপক্ষ ইমরানকে ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (PIMS) নামক একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে কয়েক ঘণ্টা পরীক্ষা করে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ফের আদিয়ালা জেলে ফেরত পাঠানো হয়। ইমরানের টিমের অভিযোগ, শিফা হাসপাতালের দিকে একটি ভুয়ো কনভয় পাঠানো হয়েছিল এবং সেখানে অপেক্ষায় থাকা ডা. সুলতানকে ইমরানের কাছে ঘেঁষতেই দেওয়া হয়নি।

এই চরম নির্দেশ অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন ইমরানের বোন উজমা খান। আগামী ১৬ সেপ্টেম্বর মূল মামলার সঙ্গেই এর শুনানি হবে। অন্যদিকে, সেনা-সমর্থিত পাক সরকার ১৮ অগস্টের ওই নির্দেশকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা সংশোধনের দাবিতে শীর্ষ আদালতে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *