Meera Bhattacharya: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধ-জায়া মীরা, মাকে বাড়ি নিয়ে গেলেন সুচেতন | Buddhadeb Bhattacharya’s wife Meera Bhattacharya Mira Discharged from Hospital, Health Condition Stable
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মীরা ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
কলকাতা: পাঁচদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে নিয়ে গেলেন সুচেতন ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধ-জায়ার শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং চিকিৎসায় তিনি ভালো সাড়া দিয়েছেন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হল।
তীব্র পেটের ব্যথা ও সামান্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২১ অগস্ট (শুক্রবার) আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬ বছর বয়সী মীরাদেবী। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনমতো খাওয়া-দাওয়া করেন না বুদ্ধ-পত্নী। তাই, সময়মতো তাঁকে খেয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিন হাসপাতাল থেকে ছাড়ার সময় দেখা যায়, একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য সবসময় মায়ের পাশে রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাওয়ার পথে চিকিৎসকদের হাত জোড় করে নমস্কার করে ধন্যবাদ জানান বুদ্ধ-জায়া। মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি সুচেতন।
মীরা ভট্টাচার্য হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁকে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে বুদ্ধ-জায়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলে মীরাদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মীরাদেবী ভালো আছেন জেনে খুশিতে কার্যত আনন্দাশ্রু দেখা যায় মুখ্যমন্ত্রীর চোখে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, রাজ্যের জন্য যেন ভালো কাজ করতে পারেন, সেই বিষয়ে মীরাদেবীর কাছে আর্শীবাদ প্রার্থনা করেন শুভেন্দু।
রাজ্যে পালাবদলের পর শুভেন্দু-সরকারের কাজের প্রশংসা করেছিলেন মীরাদেবী। শিল্প নিয়ে নতুন সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী।