চিনির পর এবার পেঁয়াজেও ছ্যাঁকা! উৎসবের মরশুমে পকেটে টান আমজনতার
কলকাতা: উৎসবের মরশুম কড়া নাড়ছে দরজায়। আর ঠিক এই সময়েই বাজারে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। একদিকে চিনির দামের ঊর্ধ্বমুখী গ্রাফ, আর তার মধ্যেই নতুন…
কলকাতা: উৎসবের মরশুম কড়া নাড়ছে দরজায়। আর ঠিক এই সময়েই বাজারে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। একদিকে চিনির দামের ঊর্ধ্বমুখী গ্রাফ, আর তার মধ্যেই নতুন করে আমজনতাকে কাঁদাতে শুরু করেছে পেঁয়াজ (Onion Price Hike)। দিল্লি-এনসিআর থেকে শুরু করে চেন্নাই, দেশের সর্বত্রই এক ধাক্কায় বেশ কয়েক গুণ বেড়েছে পেঁয়াজের দাম। জোড়া মূল্যবৃদ্ধির জেরে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা, চিন্তার ভাঁজ সকলের কপালেই। পরিস্থিতি সামাল দিতে এবার তড়িঘড়ি আসরে নামার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।
একাধিক সর্বভারতীয় রিপোর্ট অনুযায়ী, গত এক মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম ১৯ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা নাসিকের, যেখানে মাত্র এক মাসেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ! সোমবার দিল্লির পাইকারি বাজারে পেঁয়াজের দর ছিল কেজি প্রতি ৪২ টাকা। আর খুচরো বা রিটেল সবজির বাজারগুলিতে সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। দামের এই আকস্মিক ও ব্যাপক বৃদ্ধিতে নড়েচড়ে বসেছে সরকার। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বাজারে জোগান বাড়াতে কেন্দ্রের তরফে বাফার স্টক (Buffer Stock) থেকে পেঁয়াজ ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চিনির দামেও ছ্যাঁকা
পেঁয়াজের পাশাপাশি উৎসবের আনন্দ মাটি করতে শুরু করেছে চিনিও (Sugar Price Hike)। গত এক মাসে চিনির দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। বর্তমানে খুচরো বাজারে চিনির দাম প্রতি কেজি ৬৫ টাকা বা কোথাও কোথাও তারও বেশিতে গিয়ে ঠেকেছে। আর এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা।
রাজনৈতিক চাপানউতোর
চিনির দাম বৃদ্ধিকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, দেশে ইথানল তৈরির জন্য আখের ব্যাপক ব্যবহার হচ্ছে, যা চিনির সরবরাহ কমিয়ে দিচ্ছে। আর জোগানে ঘাটতি দেখা দেওয়ার ফলেই হু হু করে বাড়ছে চিনির দাম।
যদিও কেন্দ্র বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। সরকারের তরফে সাফ জানানো হয়েছে, দেশে আখের কোনও ঘাটতি নেই এবং জোগান স্বাভাবিক রাখতে তারা বদ্ধপরিকর। তবুও উৎসবের মুখে বাজারদর যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে সাধারণ মানুষের পকেটে যে টান পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা