ঘুমন্ত দম্পতির বিছানায় আগুন দেওয়ার অভিযোগ, নেপথ্যে বাড়ি নিয়ে গন্ডগোল
ঘুমন্ত অবস্থায় থাকা এক দম্পতির বিছানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিউড়িতে। বীরভূমের সিউড়ির নুড়াই পাড়া খাসপাড়া এলাকায় রবিবার গভীর রাতের ঘটনা। ঘুমের মধ্যে পায়ে ছ্যাঁকা খেয়ে চমকে ওঠেন দম্পতি। তারপরেই তাঁরা টের পান আগুন জ্বলছে তাঁদের বিছানায়।
রবিবার রাতে বাড়িতে স্বামী অজিত মাহারার সঙ্গে ঘুমিয়ে ছিলেন অলকা মাহারা। তাঁর অভিযোগ, হঠাৎ করে রাত দু’টো নাগাদ পায়ে ছ্যাঁকা লাগে অলকার। তখনই ঘুম ভেঙে গেলে দেখতে পান তাঁদের বিছানায় আগুন জ্বলছে। তড়িঘড়ি তিনি তাঁর স্বামীকে বিছানা থেকে টেনে নামান। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন এক প্রতিবেশী। পরে তাঁরা বাড়ির পাম্প চালিয়ে নেভান সেই আগুন। রবিবার ভোর রাতেই ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ ।
আগুন লাগান কারা?
অলকার অভিযোগ, ‘আমি ঘুম থেকে উঠেই দুই বাইক আরোহীকে আমার বাড়ি থেকে পালাতে দেখি। ওই দু’জনই আগুন লাগিয়ে দিয়ে গিয়েছে। বাড়ির যে সদর দরজা, সেটা দড়ি দিয়ে বাঁধা ছিল। সেটি খুলেই তারা বাড়িতে ঢুকে বিছানায় এই আগুন লাগায়।’
তাঁর অভিযোগ, ‘পুরোনো শত্রুতার জেরেই আমাদের এ ভাবে পুড়িয়ে মারার চেষ্টা করেছে।’ উঠে এসেছে সম্পত্তি সংক্রান্ত টানাপড়েন। অলকার দাবি, তাঁরা আগে ভাড়া বাড়িতে থাকতেন। পরে এক মহিলার কাছ থেকে বাড়ি কিনে সেখানেই থাকেন। তাঁর দাবি, ওই মহিলার ছেলে বাড়ি বিক্রির কথা জানতে পেরে তাঁদের উপর চাপ দিতে থাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য। তিনি বলেন, ‘এর আগেও আমাদের বাড়িতে এসে তালা মেরে দিয়ে গিয়েছে। আমরা তালা ভেঙে বাড়ি ঢুকেছি। আমাদের নামে মিথ্যা মামলাও করেছিল। সেই মামলা এখনও বর্ধমান আদালতে চলছে।’ ওই মামলায় হাজিরার সময়ে একবার মারধরেরও চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।