Weather Update: অগস্টেই ৩ বার! ফের বাংলার জন্য সতর্কতা জারি হাওয়া অফিসের | Dipression in Bay of bengal weather office says heavy rain forecast in kolkata west bengal
কলকাতা: রবিবার থেকে বৃষ্টি হবে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সকাল থেকেই মেঘলা আকাশ। মেঘ ঢুকতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ফলে বৃষ্টি যে হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
ফের কেন বৃষ্টি?
গত সপ্তাহে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছিল বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হয়েছে। জল জমে কার্যত নাজেহাল অবস্থা। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জন্ম হয়েছে। এই নিয়ে অগস্টে এটি তৃতীয় নম্বর নিম্নচাপ। আর এর জেরেই আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বাংলা-ওড়িশা উপকূলেই নতুন নিম্নচাপের অবস্থান রয়েছে। তার জন্য উপকূল ও পশ্চিমাঞ্চলেই বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি দুই মেদিনীপুর,ঝাড়গ্রামেও। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। নিম্নচাপের মূল প্রভাব পড়বে ওড়িশা ও ছত্তীসগঢ়ে।
অপরদিকে, মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কোচবিহার,আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।