মাদক–সন্ত্রাস রুখতে বঙ্গেও ‘ইগল ফোর্স’, তেলঙ্গানা মডেলে কাজ নতুন বাহিনীর
সম্প্রতি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং পুরুলিয়া জেলা পুলিশ বেলকুড়ি টোল প্লাজ়ার কাছে মিনি ট্রাক থেকে ৩২২ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার হয় সাত জন আন্তঃরাজ্য মাদক পাচারকারী। এ ছাড়া গত কয়েক বছরে হেরোইন, কোকেন, ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগারের মতো মাদক উদ্ধারের পরিমাণও বেড়েছে রাজ্যে। মাদকের কারবার রুখতে যেমন সচেতনতা বাড়ানো প্রয়োজন, তেমনই মাদক কারবারের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত সাজা সুনিশ্চিত করাও কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকারের কাছে টপ প্রায়োরিটি। সেই কারণে এ রাজ্যে বাংলাদেশ, নেপাল সীমান্তের পাশাপাশি ওডিশা, ঝাড়খণ্ড, অসমের মতো সীমানা এলাকায় নজরদারি বাড়াতে চায় রাজ্য সরকার। মাদক পাচার প্রতিরোধ বাহিনীর সঙ্গে যাতে সাধারণ মানুষ যোগাযোগ করে খবর দিতে পারেন, তার জন্য আলাদা কন্ট্রোল রুম এবং টোল ফ্রি নম্বরও চালুরও পরিকল্পনা রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের। আবার মাদকের খপ্পরে পড়া সাধারণ মানুষ যাতে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য সুসংহত রিহ্যাব সেন্টার এবং মাদক পরীক্ষার জন্য আধুনিক ল্যাবরেটরি গড়ে তোলাও রয়েছে এই অ্যাকশন প্ল্যানের মধ্যে।