Salman Khan: সলমনের জিমে আগুন! 'ভাইজান' ঠিক আছেন তো? | Salman khan gym fire accident delhi greater kailash - 24 Ghanta Bangla News
Home

Salman Khan: সলমনের জিমে আগুন! ‘ভাইজান’ ঠিক আছেন তো? | Salman khan gym fire accident delhi greater kailash

Spread the love

দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় বলিউড অভিনেতা সলমন খানের ফিটনেস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত একটি জিমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০ আগস্ট, বৃহস্পতিবার রাতে আচমকাই আগুনের শিখা দেখতে পান উপস্থিত লোকজন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ জিমটির প্রথম তলায় প্রথম আগুন লাগে। খবর পাওয়ামাত্রই নিরাপত্তার খাতিরে দিল্লি পুলিশ দ্রুত পদক্ষেপ করে পুরো জিম খালি করে দেয়। ফলে জিমের ভেতর উপস্থিত সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। এরপরই দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং তা পাশের দোকান বা ভবনে ছড়িয়ে পড়া থেকে রোধ করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পুলিশ নিশ্চিত করেছে যে, সংশ্লিষ্ট জিমটি সলমন খানের নিজস্ব ফিটনেস ব্র্যান্ডের অধীনেই পরিচালিত হচ্ছিল।

দিল্লির জনপ্রিয় এম ব্লক মার্কেট এলাকায় রাতে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশ ও দমকলের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ঠিক কতটা আর্থিক ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *