দরজার হাতলে নিরাপত্তা ঝুঁকি, ফিরছে প্রায় ৩০ লক্ষ গাড়ি
বেজিং: দরজার হাতল নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে টেসলা-সহ (Tesla Recall) একাধিক গাড়ি নির্মাতা সংস্থাকে ৪০ লক্ষেরও বেশি গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে চিনের কর্তৃপক্ষ।…
বেজিং: দরজার হাতল নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে টেসলা-সহ (Tesla Recall) একাধিক গাড়ি নির্মাতা সংস্থাকে ৪০ লক্ষেরও বেশি গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে চিনের কর্তৃপক্ষ। শুক্রবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।
চিনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন জানিয়েছে, মার্কিন গাড়ি নির্মাতা টেসলা চিনে তৈরি এবং আমদানি করা প্রায় ২৯.৮ লক্ষ বৈদ্যুতিক গাড়ি ফিরিয়ে নেবে। এর মধ্যে রয়েছে মডেল ৩, মডেল ওয়াই, মডেল এক্স এবং মডেল এস। চিনের সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরে এটি এখনও পর্যন্ত দেশটির সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহার প্রক্রিয়া।
দুর্ঘটনার পর খুলতে সমস্যা হতে পারে দরজা
চিনের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর দুর্ঘটনার মতো পরিস্থিতিতে গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হলে লুকানো বা বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত দরজার হাতল ঠিকমতো কাজ নাও করতে পারে। এর ফলে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা দ্রুত দরজা খুলে বেরোতে সমস্যায় পড়তে পারেন। একইভাবে বাইরে থাকা উদ্ধারকারীদের পক্ষেও গাড়ির ভিতরে প্রবেশ করা কঠিন হয়ে যেতে পারে।
চিনে এবং বিশ্বের অন্যান্য জায়গায় কয়েকটি বৈদ্যুতিক গাড়ি দুর্ঘটনার পর লুকানো বা গাড়ির গায়ের সঙ্গে সমতল অবস্থায় থাকা দরজার হাতল নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। দুর্ঘটনার পর বৈদ্যুতিক দরজা খুলতে না পারার ঘটনাও সামনে এসেছে।

লুকানো দরজার হাতল নিষিদ্ধ করার পথে চিন
এই প্রত্যাহারের কয়েক মাস আগেই চিনের কর্তৃপক্ষ জানিয়েছিল, আগামী বছর থেকে বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত লুকানো দরজার হাতল নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে তারা। টেসলা এবং বেশ কয়েকটি চিনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থার মডেলে এই ধরনের দরজার হাতল দেখা যায়। চিনা গাড়ি শিল্পের কিছু বিশেষজ্ঞ মনে করছেন, গাড়ির নকশার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন-এর প্রধান চুই দংশু এই প্রত্যাহারকে বৈদ্যুতিক গাড়ি শিল্পের বিকাশের ক্ষেত্রে “অনিবার্য পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আরও নির্ভরযোগ্য এবং নিরাপত্তাকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে গিয়ে গাড়ি নির্মাতারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, “এটি আংশিকভাবে এই শিল্পের দ্রুত বিকাশের সময়ের স্বাভাবিক সমস্যা। একই সঙ্গে এটি নীতিনির্ভর নিরাপত্তা আপগ্রেডেরও ইঙ্গিত।”
সফটওয়্যার আপডেট করবে টেসলা
চিনা নিয়ন্ত্রক সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট গাড়িগুলিতে সফটওয়্যার আপডেট করবে টেসলা। শুক্রবার এ বিষয়ে মন্তব্যের জন্য টেসলার সঙ্গে যোগাযোগ করা হলেও সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চিনা সংস্থার গাড়িও ফিরিয়ে নেওয়া হচ্ছে
শুধু টেসলা নয়, একাধিক চিনা গাড়ি নির্মাতার মডেলও প্রত্যাহার করা হচ্ছে। শাওমি ৩.৯ লক্ষেরও বেশি গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লিপমোটর-ও ৩.৭ লক্ষের বেশি গাড়ি প্রত্যাহার করছে। এছাড়াও গিলি এবং এক্সপেং-সহ আরও কয়েকটি চিনা গাড়ি নির্মাতা সংস্থা কিছু মডেল ফিরিয়ে নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই মূল উদ্বেগের জায়গা প্রায় একই, অর্থাৎ গাড়ির দরজার হাতল সংক্রান্ত নিরাপত্তা সমস্যা।
চিনের সরকারি সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে, এই বড় আকারের প্রত্যাহার ২০২৭ সালে লুকানো দরজার হাতলের উপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে পুরনো গাড়িগুলিতে একটি সমন্বিত নিরাপত্তা উন্নয়ন হিসেবেও কাজ করছে। সংবাদপত্রটির মতে, দ্রুত বিকশিত নতুন শক্তিচালিত যানবাহন শিল্পে প্রতিযোগিতার মাপকাঠি শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের গতি হওয়া উচিত নয়। নিরাপত্তার ক্ষেত্রেও উচ্চমান বজায় রাখা জরুরি।