যৌন হেনস্থার প্রতিবাদ করায় দশতলা থেকে নাবালিকাকে লিফটের শ্যাফটে ছুড়ে দেওয়ার অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

যৌন হেনস্থার প্রতিবাদ করায় দশতলা থেকে নাবালিকাকে লিফটের শ্যাফটে ছুড়ে দেওয়ার অভিযোগ

Spread the love

গুজরাটের আহমেদাবাদে নির্মীয়মাণ বহুতলের দশতলা থেকে এক নাবালিকাকে খোলা লিফটের শ্যাফটে ছুড়ে ফেলার অভিযোগ উঠল তিন শ্রমিকের বিরুদ্ধে। অভিযোগ, তিন যুবকের অশালীন আচরণের প্রতিবাদ করেছিল ওই কিশোরী। রুখে দিয়েছিলেন যৌন হেনস্থার প্রচেষ্টা। এর পরেই তাঁরা তাকে তুলে নিয়ে দশতলায় সিঁড়ির পাশে থাকা খোলা লিফটের শ্যাফটে ফেলে দেন। গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ১৮ অগস্ট আহমেদাবাদের মুথিয়া গ্রামের কাছে শ্যাম উপবন নির্মাণস্থলে ঘটেছে। ওই নির্মাণস্থলেই নাবালিকার বাবা-মা শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার দিন বাবার জন্য খাবার পৌঁছে দিতে নির্মাণস্থলে গিয়েছিল কিশোরী। খাবার দিয়ে দশতলা থেকে নীচে নামার সময়ে তিন শ্রমিক—রাহুল দোদিয়ার, সুরেশচন্দ্র চারপোটা এবং দীনেশ নিনামা—তাকে আটকে দেন বলে অভিযোগ।

অভিযোগ, তিন জন ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করেন। সে তাতে বাধা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিজেদের প্রচেষ্টায় সফল না হওয়ায় অভিযুক্তরা কিশোরীকে জোর করে তুলে নিয়ে দশতলার সিঁড়ির পাশে থাকা খোলা লিফটের শ্যাফটের মধ্যে ছুড়ে ফেলে দেয় বলে অভিযোগ। বেশ কয়েকতলা নীচে পড়ে গিয়ে গুরুতর জখম হয় সে। শরীরের একাধিক জায়গায় হাড় ভেঙে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরে নাবালিকার বাবা নারোদা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করে। তৃতীয় অভিযুক্ত, যাকে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার জেরে নির্মাণস্থলে নিরাপত্তা ও শ্রমিকদের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে নাবালিকার চিকিৎসা ও ঘটনার পূর্ণ তদন্তে জোর দিয়েছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *