যাদবপুরে বহিরাগতের তাণ্ডব, তীব্র সংঘাতে বাম ও এবিভিপি, গেরুয়াপন্থীদের অভিযোগে মামলা ১১ জনের বিরুদ্ধে
প্রথমে যাদবপুর থানার সামনে এবিভিপির সমর্থকরা বিক্ষোভ দেখান। পরে ক্যাম্পাসের চার নম্বর গেট ও মেন হস্টেলের গেটের সামনে আরও কিছু বহিরাগতের জমায়েত হয়। দু’টি গেটই বন্ধ ছিল। অভিযোগ, কোনও ভাবে চার নম্বর গেট খুলে বা ভেঙে ওই বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে পড়ে। তখন বাম পড়ুয়ারা সংখ্যায় ছিলেন অল্প। তাঁরা অরবিন্দ ভবনের গেটে তালা দিয়ে দেন। অভিযোগ, ওই বহিরাগতরা বাম পড়ুয়াদের পোস্টার-ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে তা অরবিন্দ ভবনে আটকে থাকা পড়ুয়াদের দিকে ছুড়ে মারে। রাত তিনটে-সাড়ে তিনটে পর্যন্ত এই পরিস্থিতি চলে। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ আটকে থাকা পড়ুয়ারা ক্যাম্পাস থেকে বেরোতে পারেন।
এবিভিপির মিডিয়া সেলের প্রধান অনন্ত বারুই অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ক্যাম্পাসে যাঁরা এই সব ঘটনা ঘটিয়েছেন, তাঁদের সঙ্গে এবিভিপির কোনও যোগ নেই।’ তাঁর পাল্টা দাবি, ‘সংগঠনকে বদনাম করতে এবং ঘটনার মোড় ঘোরাতেই বাম পড়ুয়ারা চক্রান্ত করেছেন। ক্যাম্পাসে এবিভিপির সমর্থকদেরই বেধড়ক মারধর করা হয়েছে, জাত তুলে গালাগালি ও হেনস্থা করা হয়েছে।’