বিক্রি কমলো Activa-র, পাল্লা ভারী Electric Scooter-এর, জুলাইয়ে Sales Figure-এ বাজিমাত করল কে?

ভারতের টু হুইলারের বাজারে ক্রমেই রমরমা বাড়ছে স্কুটারের। ইলেকট্রিক হোক কিংবা পেট্রল — প্রতিদিনের যাতায়াতের জন্য স্কুটারই এখনও ভারতীয় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। সাম্প্রতিক একটি রিপোর্টে ধরা পড়েছে সেই ট্রেন্ডই। জুলাই মাসে দেশের বাজারে কত সংখ্যক স্কুটার বিক্রি? কোন সংস্থার টেক্কা কাকে? রইল বিস্তারিত।

জুলাই মাসে দেশের বাজারে বিক্রি এবং বিদেশে রপ্তানি মিলিয়ে ভারতে মোট ৮,৭১,৩৩৫ ইউনিট স্কুটার বিক্রি হয়েছে। গত জুলাইয়ে এই সংখ্যা ছিল ৭,০৪,১০৮ ইউনিট। অর্থাৎ, এক বছরে মোট গ্রোথ হয়েছে ২৩.৭৫ শতাংশ।

গত মাসে কেবল দেশের বাজারেই ৭,৯৮,১৯০ ইউনিট স্কুটার বিক্রি হয়েছে। দেশের বাজারে বিক্রির Year-on-Year গ্রোথ ২৩.৭৫ শতাংশ। বিদেশে রপ্তানি হয়েছে ৭৩,১৬৫ ইউনিট। বিদেশে স্কুটার রপ্তানির হারও প্রায় ২৩.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, দেশের বাজারে Electric Scooter-এর বিক্রি বৃদ্ধি পেয়েছে। দেশের মোট স্কুটার বিক্রির ১১.২৪ শতাংশই Electric Scooter। চলতি বছরের জুনে এই হার ছিল ১০.৫৯ শতাংশ এবং গত বছরের জুলাইয়ে এই হার ছিল ৭.৬৫ শতাংশ। অর্থাৎ, গত বছরের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে Electric Scooter বিক্রির হার।

বিক্রির নিরিখে সেরা ১০ স্কুটারের তালিকায় প্রথমেই রয়েছে বহুল জনপ্রিয় Honda Activa। জুলাই মাসে দেশে মোট ২,০৬,১৭০ ইউনিট Activa বিক্রি হয়েছে। তবে, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরে বিক্রি কমেছে ১৩.১৬ শতাংশ। গত বছর জুলাইয়ে দেশে ২,৩৭,৪১৩ ইউনিট Honda Activa বিক্রি হয়েছিল।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে TVS Jupiter। চলতি বছরের জুলাই মাসে দেশে ১,৪৮,৫৯৫ ইউনিট TVS Jupiter বিক্রি হয়েছে, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ১৮.৯৯ শতাংশ বেশি। ২১.০২ শতাংশ বার্ষিক গ্রোথ-সহ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Suzuki Access। জুলাই মাসে দেশে ৮২,৫০৫ ইউনিট বিক্রি হয়েছে এই স্কুটার।

Electric Scooter-এর ক্ষেত্রে সবথেকে বেশি বিক্রি হয়েছে TVS iQube। গত বছরের জুলাই মাসে মোট ২৩,০৩৯ ইউনিট বিক্রি হয়েছিল এই স্কুটার। এ বছরের জুলাইয়ে ১৫৭.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট TVS iQube বিক্রি হয়েছে ৫৯,৩৮৬ ইউনিট।

পেট্রল এবং ইলেকট্রিক মিলিয়ে চলতি বছরের জুলাই মাসে সবথেকে বেশি গ্রোথ দেখা গিয়েছে Bajaj Chetak-এর। এ বছরে স্কুটারটির Year-on-Year Growth হয়েছে ৩০৭.৩২ শতাংশ। চলতি বছরের জুলাইয়ে স্কুটারটি মোট ৪৭,১৮৪ ইউনিট।

অন্য দিকে বিক্রি বাড়িয়েছে Ather Rizta। চলতি বছরের জুলাই মাসে দেশে মোট ২৪,৮৩৩ ইউনিট বিক্রি হয়েছে এই গাড়িটি। Year-on-Year Growth হয়েছে ১১৮.৮৯ শতাংশ।