পর্তুগালের বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখলেন প্রাক্তন অজ়ি তারকা
হেনরিকসের দুরন্ত সেঞ্চুরি
চেকিয়ার বিরুদ্ধে এই ম্যাচে শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। প্রথম বলেই উইকেট হারানোর পরে তিন নম্বরে ব্যাট করতে নামেন হেনরিকস। তবে ক্রিজ়ে এসে সময় নষ্ট করেননি তিনি। শুরু থেকেই চালিয়ে খেলেন। মাত্র ৫১ বলে ১১১ রান করেন প্রাক্তন অজ়ি তারকা। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং সাতটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২১৭.৬৪। পর্তুগালের হয়ে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান।
হেনরিকসের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে পর্তুগাল। জবাবে ৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান করেছিল চেকিয়া। এর পরে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস (DLS) পদ্ধতিতে ৯১ রানে জয় পায় পর্তুগাল।