Indian Cricket: ২৪ বছর পর আবার লর্ডসে সৌরভ, ইংল্যান্ডকে হারিয়ে অবাক কান্ড ভারতের! | India’s Mixed Disability Team Recreates Ganguly’s Shirt Waving Celebration After 118 Run Win - 24 Ghanta Bangla News
Home

Indian Cricket: ২৪ বছর পর আবার লর্ডসে সৌরভ, ইংল্যান্ডকে হারিয়ে অবাক কান্ড ভারতের! | India’s Mixed Disability Team Recreates Ganguly’s Shirt Waving Celebration After 118 Run Win

Spread the love

লন্ডন : ক্রিকেটের মক্কা লর্ডসের ঐতিহ্যবাহী ব্যালকনিতে ফিরল ২৪ বছর আগের স্মৃতি। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর জামা খুলে উড়িয়েছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৪ বছর পর সেই মুহূর্তকে আবার ফিরিয়ে আনল ভারতের মিক্সড ডিসঅ্যাবিলিটি ক্রিকেট দল। বুধবার সিরিজের ৭ম তথা শেষ টি২০ ম্যাচে ইংল্যান্ডকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই উদযাপন করে ভারতীয় ক্রিকেটাররা।

৭ ম্যাচের এই টানটান সিরিজ ৪-৩ ব্যবধানে ইংল্যান্ড জিতলেও শেষ ম্যাচে লর্ডসের মাটিতে দাপুটে জয় ছিনিয়ে নেয় ভারত। ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের খেলোয়াড়রা ও অফিসিয়ালরা লর্ডসের ব্যালকনিতে গিয়ে ব্লেজার খুলে জাতীয় পতাকা উঁচিয়ে সেলিব্রেশন করেন। ‘ডিফারেন্টলি এবল্ড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া’-র শেয়ার করা সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে ভারত। অর্জুন গাওরে ৪৪ বলে ৬৮ রানের একটি ইনিংস খেলেন ও মজিদ মাগর ১৯ বলে ৬৩ রান করেন। জবাবে ব্যাটে নেমে ৮৮ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। হিলাল আহমেদ ওয়ানি ২১ রানে ৪ উইকেট ও জয়শ পরমার ১৪ রানে ৩ উইকেট নেন। এর ফলে ১১৮ রানের বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভারত। মিক্সড ডিসএবিলিটি ক্রিকেট অর্থাৎ এই বিশেষ ক্রিকেট ফরম্যাটে শারীরিক প্রতিবন্ধকতা, বধির ও শেখার অক্ষমতা-যুক্ত বিভিন্ন ধরণের বিশেষ ক্ষমতাধারী ক্রিকেটাররা একই দলের হয়ে মাঠে নামেন। শেষ ৩ ম্যাচে ইংল্যান্ড জিতেছিল যথাক্রমে ২ রান, ৫৪ রান ও ১৮ রানে। সেখানে শেষ ম্যাচে ভারতের ছেলেরা ১১৮ রানে জিতে এক অনন্য পারফরম্যান্সের প্রমাণ দিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *