১৫ বছরের পুরোনো পুলকার বন্ধের নির্দেশ, ১ মাস সময় অর্জুনের - 24 Ghanta Bangla News
Home

১৫ বছরের পুরোনো পুলকার বন্ধের নির্দেশ, ১ মাস সময় অর্জুনের

Spread the love

এই সময়, ব্যারাকপুর ও বারাসত: রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে পুজোর আগেই সিএনজি এবং ইলেকট্রিক মিলিয়ে ৬০০টি বাস চালু করতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর। পাশাপাশি রেজিস্ট্রেশনহীন, কর না দেওয়া বা ১৫ বছরের বেশি পুরোনো পুলকার বন্ধ করার জন্য স্কুলগুলিকে চিঠি পাঠানো হচ্ছে। এমন গাড়ি না চালানোর জন্য একমাস সময় দেওয়া হয়েছে বলে বুধবার ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

রাজ্য সরকারের ১০০ দিনের মধ্যে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন পরিবহণ এবং শিল্পমন্ত্রী অর্জুন সিং। পাশাপাশি সীমান্ত সুরক্ষা থেকে মহিলাদের সুরক্ষা, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো বিভিন্ন বিষয়ে বিজেপি সরকারের পদক্ষেপের কথাও এ দিন তুলে ধরেন রাজ্য বিজেপির সহ সভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

এ দিন ব্যারাকপুরে অর্জুন সিং এবং বারাসতে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, হাবরার বিধায়ক দেবদাস মণ্ডলরা সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। অর্জুন জানান, পুজোর আগেই রাজ্যে সিএনজি এবং ইলেকট্রিক মিলিয়ে প্রায় ৬০০টি বাস পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এ রাজ্য থেকে ভিন রাজ্যেও বাস পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনিন্দ্য বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও সরকার একাধিক পদক্ষেপ করেছে।’

পরিবহণ এবং রাস্তার সিগন্যালিং ব্যবস্থা নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথাও এ দিন ঘোষণা করেছেন অর্জুন সিং। সিগন্যালিং সিস্টেমে এ বার এআই প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান তিনি। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ম্যানুয়াল সিস্টেমে সিগন্যাল ব্যবস্থা চলে। সিগন্যাল ভাঙা, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি কিংবা ভুয়ো নম্বরের গাড়ি ও চুরি হওয়া গাড়ির যাতায়াত ম্যানুয়াল সিগন্যাল সিস্টেমে ধরা পড়ে না। এ বার তাই নজরদারিতে এআই প্রযুক্তি ব্যবহার করার কথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। অর্জুন জানান, ট্র্যাফিক সিগন্যালের ক্যামেরায় ধরা পড়লেই সেই তথ্য দ্রুত পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। কলকাতার পাশাপাশি সংলগ্ন এলাকাতেও এআই প্রযুক্তি নির্ভর নজরদারি চালু হচ্ছে। ইতিমধ্যেই এর জন্য কন্ট্রোল রুম চালু হয়েছে।

মন্ত্রীর কথায়, ‘কোনও অপরাধী বা ভুয়ো নম্বরের গাড়ি যাতে পার না পায়, তার ব্যবস্থা করা হচ্ছে। সিগন্যালিংয়ে কোনও ম্যানুয়াল ব্যবস্থা থাকবে না। রাস্তায় থাকা এমভিআই এবং আরটিও-দেরও বডি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *