স্টিফেন কোর্টের পুনরাবৃত্তি রুখে দিল বাড়ির ছাদ
এই সময়: হতেই পারত বছর ষোলো আগের আর একটা স্টিফেন কোর্ট। ফিরতে পারত বছর দেড়েক আগের বড়বাজারের ঋতুরাজ হোটেলের ভয়াবহ স্মৃতিও। হলো না শুধু মির্জ়া গালিব স্ট্রিটের ছ’তলা বাড়ির ছাদটার জন্য!
এই বহুতলের বিভিন্ন ফ্লোরে কোথাও ছোট্ট ঘরে, কোথাও বা তুলনায় একটা বড় ঘরকে মাঝখানে সেপারেশন দিয়ে আলাদা করা খুপরি জায়গায় ছিলেন প্রায় ৮০ জন আবাসিক। মঙ্গলবার রাত সওয়া ২টো নাগাদ যখন বাড়ির তিন তলায় ‘শিখা ইন’ হোটেলটিতে আগুন লাগে, তখন প্রাণ বাঁচাতে অনেকে নীচে নামার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে তখন জমাট বাঁধা ধোঁয়ার কুণ্ডলী। তাই অনেকেই ছাদে চলে যান। দমকল আধিকারিকদের বক্তব্য, ছাদে উঠে যাওয়াতেই ধোঁয়ার কুণ্ডলী থেকে অনেকে বেঁচে ফিরতে পেরেছেন।