রামরূপে প্রধানমন্ত্রীর আরতি, দিল্লির প্রেসক্লাবে ‘মোদী চালিশা’ অনুষ্ঠান ঘিরে বিতর্ক
ধূপ-ধুনো আর প্রদীপ জ্বালিয়ে পুজো এবং আরতি হচ্ছে ‘ভগবান শ্রীরাম’-এর। সঙ্গে হচ্ছে নাম-গান। সেই সঙ্গে চলছে ‘চালিশা’ পাঠ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ, পুজো এবং আরতি হচ্ছে ভগবান রামচন্দ্রের আদলে তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সামনে। আরতির সঙ্গে দেওয়া হয় ‘হর হর মোদী’, ‘জয় জয় মোদী’-র মতো জয়ধ্বনিও। আর, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লির প্রেসক্লাবে (Delhi Press Club)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। এর পরেই মুখ খুলেছেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করেনি। সাংবাদিক সম্মেলন করার জন্য ওই হলঘরটি ভাড়া নিয়েছিল একটি সংগঠন। তবে ওই সংগঠন শর্তাবলী লঙ্ঘন করেছে। এই বিষয়টি নজরে আসার পরেই সঙ্গে সঙ্গে ওই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বলেও জানিয়েছেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।