Ritabrata Banerjee: ‘অডিয়ো ক্লিপ শোনাব… একটা গলা খুব চেনা’, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি ঋতব্রতর | Ritabrata Banerjee released an audio clip, claims it is an MP’s voice
কলকাতা: হাতে স্পিকার নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোনালেন অডিয়ো ক্লিপ। ভবানী ভবনে সেই অডিয়ো ক্লিপ জমাও দিয়েছেন তিনি। অডিয়োতে বালির বখরা নিয়ে আলোচনা চলছে। আলোচনা চলছে সিন্ডিকেট নিয়ে। কার কন্ঠস্বর? সেই নাম করেননি ঋতব্রত। তবে তাঁর দাবি, কন্ঠস্বরটা খুব চেনা। এক সাংসদের কন্ঠস্বর বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
অডিয়ো ক্লিপ শুনিয়ে ঋতব্রত বলেন, “এটার সত্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। এটা ফরেন্সিকের যাচাই করার ক্ষমতা আছে। আমি ভবানী ভবনে দিয়েছি। আমি ইডি, সিবিআইকেও দেব। আবার লোকসভার স্পিকারকেও দেব।” তাঁর দাবি, রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নাম আছে ওই অডিয়োতে। দুর্গাপুরের এক প্রাক্তন মন্ত্রীর নাম আছে বলে দাবি করেন তিনি।
পাশাপাশি ঋতব্রত আরও বলেন, “এর মধ্যে একটা গলা খুব চেনা। এটা এক সাংসদের গলা সম্ভবত। লোকসভার অধ্যক্ষ চাইলে ডেকে দেখুন। এরা সব নিজেদের সততার প্রতীক বলে দাবি করে।” বিধায়ক উল্লেখ করেন, সিন্ডিকেট অপারেট করবে কী করে? সেটা নিয়ে আলোচনা চলছে ওই অডিয়োতে। তিনি বলেন, “এর গলা গতকাল বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনে শোনা যাচ্ছে। ডিমের বদলে বন্দুকের কথা বলা হচ্ছে।”
সংশ্লিষ্ট সাংসদের নাম না করলেও ঋতব্রত উল্লেখ করেন, সেই সাংসদ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার, সাতটি টেস্টে ১৩৫ রান করেছেন, গড় ১১, ২৪ সর্বাধিক। ওয়ান ডে-তে ২৬৯ রান করেন। ১০ উইকেট নিয়েছেন সব মিলিয়ে। চরম প্রভাবশালী কেউ আছেন কি না, দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।