৯ মাস পর বোনের সঙ্গে সাক্ষাৎ ইমরানের, দেখা করলেন স্ত্রী বুশরা বিবির সঙ্গেও! - 24 Ghanta Bangla News
Home

৯ মাস পর বোনের সঙ্গে সাক্ষাৎ ইমরানের, দেখা করলেন স্ত্রী বুশরা বিবির সঙ্গেও!

Spread the love

ইসলামাবাদ: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন…

ইসলামাবাদ: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন নোরিন নিয়াজি। দীর্ঘ প্রায় ৯ মাস পর ভাইয়ের সঙ্গে দেখা করলেন তিনি। পাশাপাশি, এদিন জেলে ইমরানের সঙ্গে দেখা করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, জেলে ইমরান এবং তাঁর বোন নোরিনের মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়। সেখানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার বিষয়টি জানান। এছাড়াও ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু আইনি বিষয় নিয়ে আলোচনা করেন। তবে আদালতকে দেওয়া প্রতিশ্রুতি মেনে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি নোরিন। এদিন তাঁর সঙ্গে অপর দুই বোন আলিমা খান এবং ডঃ উজমা খান জেলের কাছের চেকপয়েন্ট পর্যন্ত গেলেও পুলিশ কেবল নোরিনকেই ভেতরে যাওয়ার অনুমতি দেয়।

স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা

এদিন জেলে ইমরানের সঙ্গে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট কথা বলেন তাঁর স্ত্রী বুশরা বিবি। এর আগে বুশরা তাঁর মেয়ে মোবাশরা শেখ এবং ননদ মেহেরুন্নিসার সঙ্গেও দেখা করেন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলের বাইরে আলিমা খান সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের এই সাক্ষাতের অনুমতি পাওয়ায় আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।”

সুপ্রিম কোর্টের নির্দেশ ও পর্যবেক্ষণ

বিচারপতি শাহিদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, প্রতি সপ্তাহে ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, পরিবারের সঙ্গে দেখা করা কোনও বন্দির ‘মৌলিক অধিকার’, একে কোনোভাবেই ‘দয়া’ বা ‘অনুগ্রহ’ হিসেবে দেখা উচিত নয়। উল্লেখ্য, মেডিক্যাল বোর্ডের রিপোর্টেও বলা হয়েছিল, রক্তচাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে ইমরানের তাঁর স্ত্রী এবং পরিবারের সঙ্গে নিয়মিত দেখা হওয়া প্রয়োজন।

একইসঙ্গে আগামী দু’দিনের মধ্যে ইমরানকে শারীরিক মূল্যায়নের জন্য ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।

স্বাস্থ্যের উন্নতি ও আদালতের কড়া বার্তা

জেল কর্তৃপক্ষের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ৯ মাসে ৩৯ বার বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তাঁর ডান চোখের যে সমস্যা ছিল, তা চিকিৎসায় আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে এবং দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

তবে আদালত কড়া ভাষায় পিটিআই এবং ইমরানের সমর্থকদের সতর্ক করেছে, তাঁর এই মেডিক্যাল রিপোর্টকে যেন কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়। নির্দেশ অমান্য করলে তাঁকে দেওয়া সমস্ত সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হতে পারে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *