অস্ত্রোপচারের জন্য গৃহবন্দি, তারই মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র NTR
কাঁধে অস্ত্রোপচার হয়েছে দিনকয়েক আগেই। আপাতত বিশ্রামেই রয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর। তবে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেতার। চার বছরের সঙ্গী প্রিয় পোষ্য কুকুর ‘বাঘিরা’কে হারিয়ে মন খারাপ তাঁর।
এক নজরে
-
অস্ত্রোপচারের পরে বিশ্রামে থাকার মধ্যেই ৪ বছরের প্রিয় পোষ্য কুকুর ‘বাঘিরা’কে হারিয়ে গভীর শোকাচ্ছন্ন জুনিয়র এনটিআর।
-
সোশ্যাল মিডিয়ায় বাঘিরার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে একটি আবেগপূর্ণ বার্তা লিখেছেন অভিনেতা।
-
পোস্টে তিনি জানান, বাঘিরা কেবল পোষ্য ছিল না, নিঃশব্দে সে তার পরিবারেরই একজন হয়ে উঠেছিল।
সোশ্যাল মিডিয়ায় দক্ষিণী অভিনেতা নিজেই ভাগ করেছেন তার সঙ্গে কাটানো একঝাঁক মুহূর্তের ছবি। সঙ্গে একটি আবেগঘন বার্তাও তুলে ধরেছেন তিনি। অভিনেতা লিখেছেন, ‘বাঘিরা, আমার জীবনে এসেছিল একজন ভালো বন্ধু হিসাবে। নীরবেই তুমি হয়ে উঠেছিলে পরিবারেরই একজন। ভালোবাসা, বিশ্বাস, দুষ্টুমিতে আমার দিনগুলো ভরিয়ে তুলেছিলে, যে আনন্দ সত্যিই কেবল তুমিই দিতে পারতে। তোমার অনুপস্থিতি এক বিশাল শূন্যতা তৈরি করেছে ঠিকই, কিন্তু তুমি যে ভালোবাসা রেখে গিয়েছ, তার গভীরতাও কম নয়।’
প্রিয় পোষ্যর মৃত্যু তাঁর জীবনে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তবু কিছু কারণে তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন। বাঘিরাকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘এই চার বছর সময়টা তুমি আমার জীবন সুন্দর করে তুলেছ। এ বার মুক্ত হয়ে ছুটে বেড়াও আমার ছোট্ট সোনা। তোমায় অনেক ভালোবাসা। আর ভবিষ্যতেও এই ভালোবাসা একইরকম থাকবে।’
প্রসঙ্গত, কিছু দিন আগেই কেআইএমএস হাসপাতালে অস্ত্রোপচার হয় দক্ষিণী অভিনেতার। গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। জুনিয়র এনটিআর সেই সময়ে লিখেছেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও প্রার্থনায় আমি অভিভূত। অস্ত্রোপচার সফল হয়েছে এবং আমি ভালো আছি। শীঘ্রই দেখা হবে।’
FAQ
জুনিয়র এনটিআরের শারীরিক অবস্থা এখন কেমন?
কাঁধে অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামে রয়েছেন।
জুনিয়র এনটিআরের কাঁধের অস্ত্রোপচার কোথায় হয়েছিল?
তাঁর অস্ত্রোপচার কেআইএমএস (KIMS) হাসপাতালে হয়েছিল এবং গত সপ্তাহেই তিনি ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন।
জুনিয়র এনটিআরের প্রিয় পোষ্য কুকুরের নাম কী ছিল?
তাঁর প্রিয় পোষ্য কুকুরটির নাম ছিল ‘বাঘিরা’, যে বিগত ৪ বছর ধরে তাঁর সাথে ছিল।