দুষ্কৃতীদের ধরতে আক্রান্ত পুলিশ, বাদুড়িয়ায় ধৃত ৩
এই সময়, বাদুড়িয়া ও স্বরূপনগর: সীমান্ত এলাকায় নাবালিকা পাচারে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত-সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে বাদুড়িয়ার সরফরাজপুর গ্রামে। পুলিশ জানায়, ধৃত আব্দুল কাইয়ুম মোল্লা বাংলাদেশ থেকে নাবালিকা পাচারের মূল অভিযুক্ত। তার সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মুন্না গাজি ও আব্দুস সামাদকে। ধৃত আব্দুল কাইয়ুম মোল্লাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন।