দিতে হয় না কোনও প্রিমিয়াম, বদলে মিলবে ৭ লক্ষের বিমা, EPF-এর এই ইনশিওরেন্স কী ভাবে পাবেন?

প্রবাদ রয়েছে, জীবনের ভরসা কোথায়! এই ভেবে অনেকেই হেলথ, লাইফ ইনশিওরেন্স করিয়ে রাখেন। তবে এর জন্য প্রতি মাসে বা বছরে একটি মোটা অঙ্কের প্রিমিয়াম গুনতে হয়।

কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে এমন একটি বিমা রয়েছে, যেখানে যিনি চাকরি করছেন, তাঁকে প্রিমিয়াম দিতে হবে না। বদলে মিলবে ৭ লক্ষের বিমা। তা হলে প্রশ্ন হলো কে বা কারা দেবেন এই প্রিমিয়াম? কোন ক্ষেত্রে পাওয়া যাবে এই বিমার সুবিধা?

চাকরিজীবীদের জন্য ‘Employees’ Deposit-Linked Insurance Scheme’ বা EDLI একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ব্যবস্থা। EPFO-র আওতাভুক্ত কর্মীদের জন্য এই বিমার রয়েছে।

EDLI স্কিম কী?
১৯৭৬ সালে চালু হয় EDLI স্কিম। এর উদ্দেশ্য হলো EPF-এর আওতাভুক্ত কোনও কর্মীর কর্মরত অবস্থায় মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পটি EPFO বা (Employees’ Provident Fund Organisation) পরিচালনা করে। সাধারণত কর্মীর EPF সদস্যপদ থাকলে EDLI কভারও স্বয়ংক্রিয় ভাবে পাওয়া যায়।

EDLI-তে কত টাকা পাওয়া যায়?
এই প্রকল্পে সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গত ১২ মাসের গড় মাসিক বেতনের ভিত্তিতে বিমার পরিমাণ হিসাব করা হয়। বেসিক বেতন ও DA-কেও এই হিসাবের আওতায় রাখা হয়।

উদাহরণ হিসেবে, কারও গড় মাসিক বেতন ১৫,০০০ টাকা হলে তার ৩৫ গুণ হিসাবে ৫.২৫ লক্ষ টাকা হয়। এর সঙ্গে ১.৭৫ লক্ষ টাকার অতিরিক্ত সুবিধা যোগ হলে মোট পরিমাণ ৭ লক্ষ টাকা হতে পারে।

কর্মীকে কি টাকা দিতে হয়?
না। EDLI-র ক্ষেত্রে কর্মীর কাছ থেকে আলাদা কোনও প্রিমিয়াম নেওয়া হয় না। যে সংস্থার অধীনে সে চাকরি করছেন বা নিয়োগকর্তাই নির্দিষ্ট হারে EDLI-এ টাকা দেন। EPF, EPS এবং EDLI—এই তিনটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাই EPFO-র আওতায় পরিচালিত হয়।

কারা এই টাকা পেতে পারেন?
EPF-এ রেজিস্টার্ড ব্যক্তি যাকে নমিনি করবেন বা মনোনীত ব্যক্তি EDLI সুবিধা দাবি করতে পারেন। nominee না থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের সদস্য বা আইনি উত্তরাধিকারী এই সুবিধা পান। নাবালক উত্তরাধিকারের ক্ষেত্রে তাঁর আইনি অভিভাবক সেই টাকা পান।

কী ভাবে EDLI-র টাকা দাবি করবেন?
EDLI সুবিধা পেতে সাধারণত ‘Form 5 IF’ পূরণ করতে হয়। ফর্মটি নিয়োগকর্তার সাহায্যে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র-সহ সংশ্লিষ্ট EPFO অফিসে জমা দিতে হয়। এ ক্ষেত্রে সাধারণত সদস্যের তথ্য, nominee-এর তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রয়োজন হয়।

তবে নিয়োগকর্তা বা সংস্থার সাহায্য ছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে অনুমোদিত সরকারি আধিকারিক, ব্যাঙ্ক ম্যানেজার বা ম্যাজিস্ট্রেটের মতো কর্তৃপক্ষের মাধ্যমেও ফর্ম ফিলআপের ব্যবস্থা থাকে।

EDLI এবং জীবন বিমার পার্থক্য
EDLI কর্মরত EPF সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেসিক ফিনান্সিয়াল সিকিউরিটি। তবে এর কভারেজ সীমিত এবং এটি চাকরির সঙ্গে যুক্ত। অন্য দিকে, ব্যক্তিগত জীবন বিমায় বেশি পরিমাণ কভারেজ নেওয়া যায় এবং পলিসি অনুযায়ী দীর্ঘমেয়াদি সুরক্ষা পাওয়া সম্ভব। পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য EDLI-কে কার্যকরী হলেও ব্যক্তিগত জীবন বিমার বিকল্প নয়।