Antara Banerjee Name Confusion: নাম বিম্ভ্রাট! কোন বিপাকে পড়েছিলেন অন্তরা বন্দ্যোপাধ্যায়? | Identity Crisis: How TV Actress Antara Banerjee Was Wrongly Dragged Into a Train Assault Case Due to Name Confusion - 24 Ghanta Bangla News
Home

Antara Banerjee Name Confusion: নাম বিম্ভ্রাট! কোন বিপাকে পড়েছিলেন অন্তরা বন্দ্যোপাধ্যায়? | Identity Crisis: How TV Actress Antara Banerjee Was Wrongly Dragged Into a Train Assault Case Due to Name Confusion

Spread the love

অন্তরা বন্দ্যোপাধ্যায় (Antara Banerjee)— একতা কাপুরের সিরিয়াল যাঁরা দেখেন, তাঁদের কাছে মুখটা বেশ চেনা। কিন্তু রবিবার সকালে হঠাৎ করেই এই নামটা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল। খবর রটল, এই বাঙালি অভিনেত্রী নাকি চলন্ত ট্রেনে রেল পুলিশের ওপর ব্লেড নিয়ে হামলা চালিয়েছেন! শুধু তাই নয়, রাগের মাথায় নাকি ট্রেনের মধ্যেই নিজের জামাকাপড় খুলতে শুরু করেন। খবরটা শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কিন্তু আসল সত্যিটা কী? এখানেই লুকিয়ে রয়েছে এক বিরাট নাম-বিভ্রাটের গল্প!

গোলমালের সূত্রপাত কোথায়?

আসল ঘটনাটা ঘটিয়েছেন মহারাষ্ট্রের থানের এক মডেল। গত ১২ অগস্ট অরাবলী এক্সপ্রেসের এসি কামরায় স্লিপার ক্লাসের টিকিট নিয়ে উঠে পড়েন তিনি। আরপিএফ কর্মীরা তাঁকে আটকাতেই শুরু হয় তুমুল অশান্তি। সেই মডেল হঠাৎ ব্লেড বের করে আক্রমণ করে বসেন। পুলিশ তাঁকে গ্রেফতার করে। কিন্তু গন্ডগোলটা বাঁধল পুলিশের এফআইআর-এর খাতায়। সেখানে ওই মডেলের নাম লেখা হয় ‘অন্তরা সোহম বন্দ্যোপাধ্যায়’। আর এই ‘অন্তরা বন্দ্যোপাধ্যায়’ নামটা দেখেই অনেকে ভেবে বসেন, ইনিই বোধহয় সেই পরিচিত টেলিভিশন অভিনেত্রী!

গুজব এবং সত্যি

সোশাল মিডিয়ার যুগে গুজব ছড়াতে তো আর সময় লাগে না। নিমেষের মধ্যে টিভির পরিচিত মুখ অন্তরার ছবি দিয়ে খবর ছড়াতে শুরু করে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে আসরে নামে অভিনেত্রীর টিম। একটি কড়া বিবৃতি দিয়ে তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনার সঙ্গে টিভির অন্তরার কোনও সম্পর্ক নেই। পুরোটাই একটা মস্ত বড় ভুল। তাঁর নামে কোনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। আসলে যিনি ট্রেনে বচসায় জড়িয়েছেন, তিনি থানের এক মডেল। জানা গিয়েছে, অভিযুক্ত সেই মডেল ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন।

যাঁকে নিয়ে এই নাম বিম্ভ্রাট কাণ্ড, সেই অন্তরা আদতে কলকাতার মেয়ে। ছোটবেলা থেকেই নাচ-গানের প্রতি তাঁর দারুণ ঝোঁক। টানা ১৫ বছর ধরে কত্থক শিখেছেন। শাস্ত্রীয় সঙ্গীতেও বেশ পটু। চোখে একরাশ স্বপ্ন নিয়ে ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে তিনি মুম্বই পাড়ি দেন। ২০১৪ সালে ‘দ্য শকিন্স’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘কসৌটী জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘লাল ইশক’-এর মতো জনপ্রিয় শো-তে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। ২০২৫ সালে তাঁর নতুন প্রোজেক্ট ‘দ্য লাস্ট শো’ রিলিজ হওয়ার কথা। কোথায় এক মডেলের ট্রেনের মধ্যে গুন্ডামি, আর কোথায় এক পরিশ্রমী বাঙালি অভিনেত্রী! কেবল নামের ফেরে পড়ে খামোখাই কালঘাম ছুটল ‘কসৌটি..’-র অন্তরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *