Annapurna Yojana: আজ থেকে কত মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মন্ত্রী | Annapurna Yojana: 1.45 Crore Women to Receive Money from August 17 to August 20, Says minister Sumana Sarkar
অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার?Image Credit: TV9 Bangla
কলকাতা: আজ (১৭ অগস্ট) শুভেন্দু-সরকারের একশো দিন পূর্ণ হল। আর নতুন সরকারের ১০০তম দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, অগস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন। আজ (সোমবার) থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। আগামী ২০ অগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
কী বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার?
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে সুমনা সরকার বলেন, বর্তমান সরকারের আজ ১০০ দিন পূর্ণ হল। আজ আমাদের সবার কাছে আনন্দের। মুখ্য়মন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছিলেন। তবে নানা বিভ্রান্তিমূলক খবর ছড়িয়েছে। মহিলাদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে। তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলতে চাই, ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। সেখানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে। চারদিন ধরে টাকা দেওয়ার কাজ চলবে। আজ অর্থাৎ ১৭ অগস্ট থেকে ২০ অগস্ট। আজ টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। ২০ অগস্ট পর্যন্ত চলবে। প্রত্যেক যোগ্য মহিলা টাকা পাবেন। এটা আমাদের জন্য গর্বের।”
আপাতত নতুন আবেদন নেওয়া হবে না-
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, “১০ জুলাই পর্যন্ত যতগুলি আবেদন জমা পড়েছিল, তা ভেরিফাই হয়ে গিয়েছে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, সেগুলি ফেরিভাইয়ের কাজ চলছে। ৩১ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, সেগুলি ফেরিভাই শেষ না হওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে না।”
অন্নপূর্ণা যোজনা নিয়ে সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, “যাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের বলছি, ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন ভেরিফাই না হওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে না। কিন্তু, কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আগেই জানিয়েছিলেন, ১৭ অগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন, এবার কতজন মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন।