জামিন পেয়ে ফিরেও ফের গ্রেপ্তার ২ নেতা, ধৃত দাপুটে নেত্রীও
এই সময়, বাগদা ও দেগঙ্গা: উত্তর ২৪ পরগনার তৃণমূলের দাপুটে তিন নেতা–নেত্রীকে শুক্রবার গ্রেপ্তার করল পুলিশ। এ দিন দেগঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় ইকবাল হোসেন এবং ফারুকুজ্জামান হোসেনকে। শুক্রবার ধৃতদের বারাসত আদলতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, কাটমানি নেওয়া, জমি দখল, ভোট পরবর্তী হিংসা–সহ একাধিক অভিযোগ রয়েছে। এ দিনই বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গোপা রায়কেও গ্রেপ্তার করেছে পুলিশ।জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদিবাসী পরিবারের এক বৃদ্ধার বাড়িতে গিয়ে হামলা, জাত তুলে গালিগালাজ করার অভিযোগে বাগদার ওই দাপুটে নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দিনই বনগাঁ আদালতে তোলা হলে তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।