Pet care tips: বাথরুমেও পিছু নেয় পোষ্য! এই ৮ আচরণের আসল মানে জানেন?
আপনার পোষ্য কুকুর কি প্রায়ই একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে থাকে? এর অর্থ হতে পারে সে আপনার প্রতি স্নেহ ও আস্থা অনুভব করছে এবং আপনার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। চোখের এই ভাষার মাধ্যমেই অনেক সময় কুকুর তার আবেগ প্রকাশ করে। আপনি যে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তারও ইঙ্গিত মিলতে পারে এই আচরণে। Getty Images
কুকুর নিচু স্বরে গোঙালে বা গর্জন করলে অনেকেই ভাবেন, সে বোধহয় রেগে গিয়েছে। কিন্তু সবসময় তা নয়। ভয়, অস্বস্তি, দুশ্চিন্তা এমনকী ব্যথার কারণেও কুকুর এভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তাই এমন পরিস্থিতিতে হঠাৎ কোনও নড়াচড়া না করে আগে তার অস্বস্তির কারণ বোঝার চেষ্টা করুন এবং তাকে নিরাপদ ও শান্ত পরিবেশ দিন। Getty Images
অনেক কুকুরের মালিক আদর করে তাঁদের পোষ্যকে কোলে তুলে নিতে চান। তবে সব কুকুর যে কোলে ওঠা পছন্দ করে, তা নয়। কিছু কুকুর কোলে ওঠার জন্য লাফালাফি করলেও অনেকেই আবার এতে অস্বস্তি বোধ করে এবং ছটফট করতে থাকে। তাই পোষ্যকে কোলে নেওয়ার আগে তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝুন এবং তার ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। Getty Images
আপনি বাথরুমে গেলেও পোষ্য কি আপনার পিছন পিছন হাঁটে? কুকুররা দলবদ্ধভাবে থাকতে অভ্যস্ত। তাই তারা তাদের প্রিয় মানুষের কাছাকাছি থাকলে অনেক সময় নিরাপদ ও স্বচ্ছন্দ বোধ করে। এর পাশাপাশি স্বাভাবিক কৌতূহল, মনোযোগ পাওয়ার ইচ্ছা কিংবা অভ্যাস থেকেও আপনার পিছু নিতে পারে তারা। আপনার প্রশ্রয়ে এই আচরণটি ধীরে ধীরে অভ্যাসেও পরিণত হতে পারে। Getty Images
কুকুরের জন্য চকোলেট খাওয়া কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ চকোলেটে থাকা থিওব্রোমিন কুকুরের শরীরের জন্য বিষাক্ত। অল্প পরিমাণ চকোলেট খেলেও পেটের সমস্যা হতে পারে, আবার বেশি পরিমাণে খেলে গুরুতর অসুস্থতাও দেখা দিতে পারে। বিশেষ করে ডার্ক চকোলেট কুকুরের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তাই চকোলেট কখনও পোষ্যের নাগালের মধ্যে রাখবেন না। ভুল করে খেয়ে ফেললে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নিন। Getty Images
পোষ্য কি প্রায়ই আপনার পায়ের পাতার ওপর এসে বসে থাকে, যা মাঝে মাঝে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়? এই আচরণের পিছনে থাকতে পারে আপনার কাছাকাছি থাকার ইচ্ছা, নিরাপত্তাবোধ কিংবা আপনার কাছ থেকে মনোযোগ পাওয়ার চেষ্টা। আপনার শরীরের কাছাকাছি থাকলে তারা আপনার আবেগ ও আশপাশের পরিস্থিতিও সহজে বুঝতে পারে। Getty Images
কুকুররা কিন্তু মানুষের কথা বেশ ভালোই বুঝতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, তারা একাধিক শব্দ ও নির্দেশ মনে রাখতে পারে এবং কিছু ক্ষেত্রে সংখ্যাগত পার্থক্যও বুঝতে সক্ষম। তাই আপনার প্রিয় বন্ধু আপনার বলা অনেক কথাই যে বুঝতে পারে, তা সত্যিই অবাক করার মতো। Getty Images
কুকুরের স্মৃতিশক্তি থাকলেও তারা মানুষের মতো করে অতীতের ঘটনা নিয়ে ভাবতে থাকে না। পরিচিত পরিস্থিতি বা কোনও নির্দিষ্ট সংকেত সামনে এলে পুরনো অভিজ্ঞতার সঙ্গে সেটিকে মিলিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে তারা। তাই পোষ্য ঘর নোংরা করলে সবসময় ধরে নেবেন না যে সে ইচ্ছে করে এমন করেছে। একঘেয়েমি, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, উদ্বেগ বা আরও মনোযোগ ও খেলাধুলার প্রয়োজনের মতো বিভিন্ন কারণও এর পিছনে থাকতে পারে। Getty Images







