আগেই খুলে গেল বারাসত রেল ব্রিজ, আর নয় ভোগান্তি
নির্ধারিত সময়ের আগেই খুলে গেল বারাসত রেল ব্রিজ। ১৩ অগস্ট পর্যন্ত বন্ধ রাখার কথা থাকলেও তার ২৪ ঘণ্টা আগেই অর্থাৎ ১২ অগস্ট খুলে দেওয়া হলো এই ব্রিজ। বুধবার সন্ধ্যা থেকেই দেখা গেল নিত্যযাত্রীদের বাইক-গাড়ি ব্রিজের উপর দিয়ে চলাচল করছে।
এর আগে বারাসত ফ্লাইওভারে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কী কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? প্রশাসনিক সূত্রের খবর, বছর কয়েক আগে বারাসত ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল পূর্ত দপ্তরের তরফে। তার পর আর পরীক্ষা হয়নি। সম্প্রতি দেখা যায়, ভারী গাড়ি গেলে ওই ফ্লাইওভার সামান্য দুলছে। বারাসতের বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে খবর যায়। তারপরে পূর্ত দপ্তরের এগজি়কিউটিভ ইঞ্জিনিয়ার সেটি চেক করেন। এর পরেই স্বাস্থ্য পরীক্ষার তোড়জোড় শুরু হয়ে যায়।
ফ্লাইওভার বন্ধ থাকায় চাঁপাডালি মোড়, যশোর রোড, স্টেশন সংলগ্ন এলাকা, কলোনি মোড়-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ যানজট হচ্ছিল।