Shah Rukh Khan: প্রযোজকের টাকায় শাহরুখের হানিমুন! জানেন বাংলার কোন জায়গায় মধুচন্দ্রিমায় এসেছিলেন কিং খান? | shah rukh khan gauri khan darjeeling honeymoon raju ban gaya gentleman
শাহরুখ খান এবং গৌরী খান বলিউডের অন্যতম চর্চিত ও প্রভাবশালী ‘পাওয়ার কাপল’। দেখতে দেখতে বৈবাহিক জীবনের তিন দশক পার করে ফেললেও তাঁদের সম্পর্কের সমীকরণ দিন দিন যেন আরও রঙিন হয়ে উঠছে। কেরিয়ারের একদম শুরুর দিনগুলোতেই গৌরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ— এ কথা অনেকেরই জানা। তবে খুব কম মানুষই জানেন, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির শুটিং চলাকালীনই গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি। আর তার চেয়েও চমকপ্রদ বিষয় হল, বিয়ের পর আলাদা করে নয়, বরং ছবির পুরো শুটিং টিমকে সঙ্গে নিয়েই দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন নবদম্পতি! জানা যায়, দার্জিলিঙে দ্য এলগিন হোটেলেই মধুচন্দ্রিমা কাটিয়েছেন শাহরুখ ও গৌরী। তবে শাহরুখের হানিমুনের গল্পে রয়েছে টুইস্ট!
কী ছিল সেই টুইস্ট?
শাহরুখ মধুচন্দ্রিমা দিতে গিয়েও করেছিলেন সিনেমার শুটিং। বলা ভালো শুটিং আর হানিমুন যেন পাশাপাশি চলছিল শাহরুখের।
পুরনো সেই মধুর স্মৃতি রোমন্থন করে ছবির অন্যতম প্রযোজক তথা অভিনেতা বিবেক ভাসওয়ানি এক্স-এ দার্জিলিংয়ের একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা, যখন ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ ছবির প্রথম গানটির শুটিং চলছিল। আমরা দিল্লিতে গেলাম, ওখানেই ওর বিয়ে হল এবং কনেকে সঙ্গে নিয়েই আমরা সরাসরি শুটিংয়ের উদ্দেশ্যে দার্জিলিং পাড়ি দিলাম!”
এদিকে, এক সাক্ষাৎকারে এই ছবির অন্যতম চিত্রনাট্যকার ও সহ-পরিচালক মনোজ লালওয়ানি প্রকাশ করেছিলেন আরেক গোপন তথ্য। তিনি জানান, শাহরুখ ও গৌরীর সেই হানিমুনের যাবতীয় খরচ বহন করেছিলেন ছবির প্রযোজকরাই। পাহাড়ি শহরের কনকনে ঠান্ডার কথা মনে করে মনোজ বলেন, সেই সময় দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা থাকলেও শাহরুখের ঘরে কোনও রুম হিটার ছিল না। শেষে মনোজ তাঁর নিজের ঘরের হিটারটি এই নবদম্পতিকে ব্যবহার করতে দিয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ ছবিতে শাহরুখ খান ছাড়াও মূল ভূমিকায় নজর কেড়েছিলেন জুহি চাওলা, অমৃতা সিং এবং নানা পাটেকর। রাজ কাপুরের কালজয়ী সিনেমা ‘শ্রী ৪২০’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এই জনপ্রিয় ছবিটি।