Portugal Cricket: একসময় খেলেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে, এবার রোনাল্ডোর পর্তুগালকে বিশ্বকাপে তোলার দায়িত্ব পালনে তারকা ক্রিকেটার! | Moises Henriques Takes Charge as Portugal Captain in T20 World Cup Europe Qualifiers - 24 Ghanta Bangla News
Home

Portugal Cricket: একসময় খেলেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে, এবার রোনাল্ডোর পর্তুগালকে বিশ্বকাপে তোলার দায়িত্ব পালনে তারকা ক্রিকেটার! | Moises Henriques Takes Charge as Portugal Captain in T20 World Cup Europe Qualifiers

Spread the love

কলকাতা : পর্তুগাল (Portugal) বলতেই লোকে চেনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। সেই দেশের সঙ্গে ফুটবল যেন সমানুপাতিক। পর্তুগালের ক্রিকেটে হাতেখড়ি হয়েছে বছর কয়েক আগেই। এবার সেই দল খেলতে চলেছে আইসিসি টি-২০ পুরুষদের বিশ্বকাপের সাব-রিজিওনাল কোয়ালিফায়ার সি (ICC T20 World Cup 2028)। সেখানেই পর্তুগালের অধিনায়ক হতে চলেছেন এমন একজন, যিনি ক্রিকেটমহলে বেশ পরিচিত। খেলেছেন ভারতের বিরুদ্ধেও। একইসঙ্গে আইপিএলেও তাঁকে খেলতে দেখেছে ক্রিকেটবিশ্ব।

শোনা গিয়েছে, অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার মোজেস হেনরিক্স হবেন পর্তুগালের আগামী অধিনায়ক। আগেই জানা গিয়েছিল, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজের জন্মভূমি পর্তুগালের হয়ে খেলবেন তিনি। এবার সেই খবরেই পড়ল সিলমোহর। পর্তুগালের মাদেইরা দ্বীপের পুঞ্চালে জন্ম তাঁর। ছোটবেলায় তিনি চলে যান অস্ট্রেলিয়াতে। এরপর সেখানেই গড়ে ওঠে তাঁর ক্রিকেটজীবন। অস্ট্রেলিয়ার হয়ে হেনরিক্স খেলেছেন মোট ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে রয়েছে ৪টি টেস্ট, ১৬টি ওডিআই ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০২১ সালের আগস্টে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। একই সঙ্গে প্রথম শ্রেণী, লিস্ট এ, টি২০ লিগ মিলিয়ে ৪০০-র ও বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। বিগ ব্যাস লিগের ১৫ মরসুমেই খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

জুলাইয়ে অবসর ঘোষণা করার সময় নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছিলেন হেনরিক্স। সেই নতুন অধ্যায় এবার শুরু হচ্ছে পর্তুগাল দলের অধিনায়ক হওয়া দিয়ে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পর্তুগালের গ্ৰুপে রয়েছে ইজরায়েল, জার্মানি, গ্রিস, চেকিয়া। ১৪ আগস্ট ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ১৫ আগস্ট জার্মানি, ১৭ আগস্ট গ্রিস ও ২০ আগস্ট চেকিয়ার বিরুদ্ধে খেলবে তারা। ১০ দলের এই প্রতিযোগিতা চলবে ২১ আগস্ট পর্যন্ত। ম্যাচগুলি হবে কেরাভা ও ভান্তায়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ইউরোপীয় যোগ্যতা অর্জনের পরবর্তী পর্বে যাবে।

২০২৮ টি-২০ বিশ্বকাপের নতুন যোগ্যতা অর্জন পদ্ধতিতে ইউরোপ থেকে দুটি দল ১৬ দলের গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা পাবে। সেখান থেকে ইউরোপের বাকি ৮টি জায়গা নির্ধারণ করা হবে। বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকদিন ধরেই দেখছে পর্তুগাল। দেশের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশকে ফুটবল বিশ্বকাপ দিতে পারেননি। হেনরিক্স কি পারবেন ক্রিকেট বিশ্বকাপ এনে দিতে। লড়াইটা যে খুব কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *