টেস্ট সিরিজ়: রাফ উইকেটে স্পিনের সামনে প্রস্তুতি শুবমানদের
এই সময়: গল টেস্ট শুরু হতে আরও তিন দিন। কিন্তু তার আগে ভাঙা ‘রাফ’ উইকেটে স্পিনের সামনে ম্যাচ পরিস্থিতি আন্দাজ করে প্রস্তুতি চালাল শুবমান গিলের টিম ইন্ডিয়া। কলম্বোয় এনসিসি ক্রিকেট ক্লাবের মাঠে যে উইকেটে তিন দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছিল, সেই উইকেটে রোলার না চালিয়ে স্পিনের সামনে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন ক্যাপ্টেন শুবমান গিল। প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করেননি তিনি।
দ্বিতীয় ইনিংসে ৫৪ বলে ৪৪ রান করলেও পরের দিনই প্র্যাক্টিসে দেখা গেল ভারত অধিনায়ককে। শুধু স্পিন নয়। পুরোনো বলে রিভার্স সুইং খেলার জন্যও টানা নকিং করেছেন শুবমান। এই কাজে তাঁকে সাহায্য করেন টিমের তিন থ্রো–ইন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে, রাঘবেন্দ্র দ্বিবেদী, ও দয়ানন্দ গরানি। থ্রো–ইন নেওয়ার পরে সেন্টার উইকেটে আকিব নবির সামনেও খেলেন শুবমান।
প্রস্তুতি ম্যাচে ১৪১ নট আউটের ইনিংস খেলার পরে তিন নম্বরে দেবদত্ত পাডিক্কালকেই ধরা হচ্ছে। তবে শ্রীলঙ্কা পৌঁছে প্র্যাক্টিস শুরু করে দিয়েছেন সরফরাজ খানও। প্রথম টেস্টে তিনি সুযোগ পাবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্র্যাক্টিসে স্পিনের সামনে সরফরাজকে যথেষ্ট সাবলীল লেগেছে।
ভারতের প্রথম ছ’জনকে নিয়ে খুব বেশি সংশয় নেই। রাহুল ও যশস্বী ওপেন করবেন। তিন থেকে ছয়ে দেবদত্ত, শুবমান, ঋষভ ও জাডেজা। এ বার অলরাউন্ডার হিসেবে মানব সুতার সাত নম্বরে খেলবেন, নাকি অতিরিক্ত ব্যাটার হিসেবে ধ্রুব জুরেল বা সরফরাজকে খেলানো হবে, তা নিয়ে প্রশ্ন আছে। পেসার হিসেবে সিরাজ, প্রসিধ কৃষ্ণ থাকবেন। এ ছাড়া থাকার কথা কুলদীপ যাদবের। এমনও হতে পারে মানব ও অতিরিক্ত ব্যাটার দু’জনেই খেলবেন। সে ক্ষেত্রে ভারত তিন স্পিনার ও দুই পেসারে খেলবে।