গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, প্রতিবাদে পথ অবরোধ
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃতের নাম হেমন্ত দেবশর্মা (২৪)। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকসাদুল্লা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে বালুরঘাটগামী একটি গাড়ি ধুমসাদিঘি এলাকায় প্রথমে একটি টোটোকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। পরে হেমন্তকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। ওই চালকের শাস্তির দাবিতে বংশীহারি থানার চকসাদুল্লা এলাকায় পথ অবরোধ করেন এলাকার লোকজন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।