Naushad Siddiqui: নেতাজিকে নিয়ে কুমন্তব্যের প্রতিবাদ, এবার বড় পদক্ষেপ নওশাদের | Netaji Controversy: ISF MLA Naushad Siddiqui Moves Censure Motion in West Bengal Assembly
কী বলছেন নওশাদ সিদ্দিকী?Image Credit: TV9 Bangla
কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গত কয়েকদিনে একাধিক বিতর্ক মন্তব্য সামনে এসেছে। প্রকাশ্যে নেতাজিকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে শোরগোল পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে পোস্ট করা হচ্ছে। নেতাজিকে নিয়ে লাগাতার কুমন্তব্যের প্রতিবাদে এবার সরব হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন তিনি।
নেতাজিকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। নেতাজিকে নিয়ে তাঁর একের পর এক মন্তব্যে বিতর্ক বেধেছে। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে ফরওয়ার্ড ব্লক-সহ অনেকেই। এই পরিস্থিতিতে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন নওশাদ সিদ্দিকী।
আগামিকাল (বুধবার) বিধানসভার অধিবেশন রয়েছে। তার আগে এদিন এই নিন্দা প্রস্তাব জমা দিলেন নওশাদ। সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে, তা নিয়ে বিকৃত প্রচার হচ্ছে। তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। আগামিকাল বিধানসভার অধিবেশনে এই নিয়ে আলোচনা হয় কি না, সেটাই এখন দেখার।
কী বললেন নওশাদ সিদ্দিকী?
এদিন নির্দিষ্ট কারও নাম না নিয়েই নওশাদ বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেভাবে বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তাঁর চরিত্রহনন করা হচ্ছে। তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। তাঁর সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে, তাঁকে দেশদ্রোহীও বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তাঁর ছবি বিকৃত করে যাচ্ছেতাই করা হচ্ছে। এটা শুধু আপামর বাঙালির অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ককে অপমান করা মানে সমগ্র দেশবাসীর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার, দেশের সরকার, প্রশাসন সবাই অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। নেতাজি সম্পর্কে এই যে কথাবার্তা বলা হচ্ছে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি।”