সত্যি মিথ্যের টানাপড়েনে জমজমাট নতুন সিজ়ন
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই কোর্টরুম ড্রামা বেশ তরতর করে এগোয়। সিরিজ়ের গতি কোথাও হোঁচট খায় না। অযথা গল্প টেনে বাড়ানোর কোনও চেষ্টা নেই। ছোট-ছোট পর্ব দেখতেও ভালো লাগে। প্রত্যেকবারের মতো এ বারও ঋত্বিক চক্রবর্তী অচিন্ত্য আইচকে যথেষ্ট বিশ্বাসযোগ্য করে তুলেছেন। আসলে পর্দায় ঋত্বিককে দেখাই যায় না। অচিন্ত্য আইচই থাকে স্ক্রিন জুড়ে। দেবরাজ ভট্টাচার্য ভীমের চরিত্রে দারুণ। তাঁর কমিক টাইমিং সত্যিই প্রশংসা করার মতো। দিগ্বিজয় সিংহের চরিত্রে সব্যসাচী চক্রবর্তীও নজর কাড়েন। তাঁর ব্যক্তিত্ব এবং কণ্ঠস্বর চরিত্রটির সঙ্গে মানানসই। তবে তাঁর চরিত্রটির উপস্থিতি আরও একটু বেশি থাকলে ভালো হতো। ইশা সাহা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, অভিষেক বসু, খেয়া চট্টোপাধ্যায়, দুলাল লাহিড়ি গল্পকে এগিয়ে নিয়ে যেতে যথাযথ ভূমিকা নিয়েছেন।