হারানোর ব্যথায় সমব্যথী বামনডাঙা, ত্রাণ নিয়ে অসমে ১৮ যুবক
সব্যসাচী ঘোষ, নাগরাকাটা
যাঁরা হারিয়েছেন, তাঁরাই হারানোর মর্ম বোঝেন। গত বছর অক্টোবরে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙা এলাকায় মৃত্যু হয়েছিল ১১ জনের। ভেসে গিয়েছিল শতাধিক বাড়ি। ক্ষতি হয়েছিল চা-বাগানে। এখনও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন বামনডাঙার বাসিন্দারা। এই অবস্থায় সেই বামনডাঙারই ১৮ জন যুবক এ বার অসমে বন্যাপীড়িত মানুষদের সহায়তায় নিজেদের উজাড় করে দিলেন। বামনডাঙা বাগান-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ সংগ্রহ করে গত শুক্রবার তাঁরা রওনা দেন অসমের বন্যাপীড়িত এলাকার উদ্দেশে। রবিবার তাঁরা সে রাজ্যের শিবসাগর জেলার নেপালি ক্ষুট্টা এলাকায় ত্রাণ বিলি করেছেন। সিংহহৃদয় ওই যুবকদের এমন উদ্যোগের কথা চাউর হতেই অনেকে একে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।