চেন্নাই থেকে পালানোর ছক! লালগোলায় ধৃত ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী
মুর্শিদাবাদ: সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে ভারতে ঢুকেছিলেন তাঁরা। তার পর দীর্ঘ দিন ধরে চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করে বহাল তবিয়তে দিনও কাটাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি রাজ্যে…
মুর্শিদাবাদ: সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে ভারতে ঢুকেছিলেন তাঁরা। তার পর দীর্ঘ দিন ধরে চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করে বহাল তবিয়তে দিনও কাটাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় ও কড়াকড়ি শুরু হতেই ভয় পেয়ে ফের নিজেদের দেশে পালানোর ছক কষেছিলেন তাঁরা। তবে শেষরক্ষা হল না। বৈধ নথিপত্র ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পথে মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের হাতে ধরা পড়লেন ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে, কিছু লোক বেআইনি ভাবে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন। সেই খবরের ভিত্তিতেই লালগোলা থানার পুলিশ বয়রা-মিরপুরের মাঠে অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতেরা জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোয়েশপুর গ্রামের বাসিন্দা। চেন্নাইয়ে শ্রমিকের কাজ করা ওই ব্যক্তিরা কোনও রকম বৈধ অভিবাসন প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, বর্তমানে অভিযুক্তদের পরিচয় ও নথিপত্র যাচাই করার কাজ চলছে। এই বেআইনি অনুপ্রবেশ এবং সীমান্ত পারাপারের নেপথ্যে কোনও আন্তর্জাতিক মানব পাচার বা চোরাচালান চক্র জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখছেন আধিকারিকরা। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধৃতদের ‘হোল্ডিং সেন্টার’-এ পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সীমান্তে নজরদারি ও তল্লাশি বাড়িয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এর ফলও মিলছে হাতেনাতে। এই ৭ জনের গ্রেফতারির ঠিক আগেই, গত বৃহস্পতিবার রাতে লালগোলা থানার পুলিশ পদ্মা নদীর তীরবর্তী পণ্ডিতপুর আমবাগানে বিশেষ অভিযান চালিয়ে আরও ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল। লালগোলা থানার আইসি অমিত ভকতের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের পাকড়াও করে। পুলিশি জেরায় তাঁরা ভারতে বেআইনি ভাবে ঢোকার কথা স্বীকারও করে নেন। কাজের খোঁজে ভিন্ রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়েন তাঁরা। ওই ধৃতদেরও ইতিমধ্যেই হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।
মালদায় জাতীয় সড়ক-১২ উন্নয়নে নয়া মোড়! আগামী তিন মাসেই কেন্দ্র থেকে আসছে ৯০০ কোটি টাকা
কলকাতা-শিলিগুড়ি রিং রোড প্রকল্পে সবুজ সংকেত! এবার বদলে যাবে দুই শহরের মানচিত্র