শর্তসাপেক্ষে বিদেশযাত্রায় ছাড়পত্র! ৩ সপ্তাহের অনুমতি পেলেন অভিষেক - 24 Ghanta Bangla News
Home

শর্তসাপেক্ষে বিদেশযাত্রায় ছাড়পত্র! ৩ সপ্তাহের অনুমতি পেলেন অভিষেক

Spread the love

নয়াদিল্লি: দীর্ঘ আইনি টানাপড়েনের পর অবশেষে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করে…

নয়াদিল্লি: দীর্ঘ আইনি টানাপড়েনের পর অবশেষে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করে সোমবার শর্তসাপেক্ষে তাঁকে তিন সপ্তাহের জন্য আমেরিকা যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও রকম বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না।

এ দিন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারপতি বাগচী পর্যবেক্ষণ করেন, শুধুমাত্র কারও বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে বলে তাঁকে বিদেশে চিকিৎসা করাতে বাধা দেওয়া যায় না। এক জন ব্যক্তির বিদেশে গিয়ে নিজের পছন্দমতো চিকিৎসা করানোর সম্পূর্ণ অধিকার রয়েছে।

তবে অভিষেকের এই বিদেশযাত্রার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে শীর্ষ আদালত। নির্দেশে বলা হয়েছে, বিদেশ সফরের সম্পূর্ণ সূচি আদালতকে আগে থেকে জানাতে হবে অভিষেককে। আমেরিকায় তিনি কোথায় থাকবেন, কোন হাসপাতালে চিকিৎসা করাবেন বা পরামর্শ নেবেন, সংশ্লিষ্ট চিকিৎসকের খুঁটিনাটি তথ্য, যাতায়াতের বিমানের বিস্তারিত বিবরণ এবং কবে দেশে ফিরবেন, এই সমস্ত তথ্য আদালতে জমা দিতে হবে। একই সঙ্গে, জমা রাখতে হবে তাঁর ‘ডিপ্লোম্যাটিক পাসপোর্ট’-ও।

প্রসঙ্গত, চোখের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে আমেরিকা যাওয়ার আর্জি জানিয়ে এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআর-এর কারণ দর্শিয়ে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। হাই কোর্ট আশঙ্কা প্রকাশ করেছিল, তিনি বিদেশে গেলে ওই মামলাগুলির তদন্ত ও বিচারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। পাশাপাশি, বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, এসএসকেএম হাসপাতাল যদি লিখে দেয় যে এই চিকিৎসা এ দেশে সম্ভব নয়, তবেই বিদেশ যাওয়ার অনুমতি মিলবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই গত শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সোমবার শীর্ষ আদালতের রায়ে স্বস্তি পেলেন তিনি।

নজরে BRICS সম্মেলন! ভারতে আমন্ত্রণ জানাতে তারেক বৈঠকে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

‘গাফিলতি প্রমাণিত’, মৃত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি দিলেন শুভেন্দু

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *