দেখাই করলেন না মৃতের স্ত্রী, রোষের লক্ষ্য মমতা
এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও র্যাফ। বঙ্গ–বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এক জন মহিলার গাড়িতে পাথর ছোড়া, কাদা ছোড়া, জুতো ছোড়া–– এগুলোকে বিজেপি সমর্থন করে না। বিজেপির কোনও কর্মী দূর দূর পর্যন্ত এর সঙ্গে যুক্ত নয়। পাথর ছোড়া, কাদা ছোড়া এগুলো তৃণমূলের সংস্কৃতি।’ রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, হোয়াট ইজ় দিস? এটা বাংলার সংস্কৃতি নয়। এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়।’ অগ্নিমিত্রার সংযোজন, ‘আমাদের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য (দলের) সভাপতির সমর্থন নেই। যদি বিজেপির নাম করে কেউ করেন, অ্যাকশন নেওয়া হবে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেন, ‘বিজেপির পতাকা ছিল না। বিজেপির কর্মীরা ছিল না’। ঘটনাচক্রে, রবিবার, ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দু’বছর পার হলো। শুভেন্দু সে কথা স্মরণ করিয়ে বলছেন, ‘সেই দিনে আপনার গাড়িতে কাদা মাখাবে, না তো কি ফুল ছুড়বে!