বাসের ছাদে চড়েই ঝুঁকির সফর শিব ভক্তদের
দিব্যেন্দু সরকার, আরামবাগ
তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথেও জীবনের ঝুঁকি নিতে হচ্ছে পুণ্যার্থীদের। কারণ, গন্তব্যে ফিরতে যাঁদের রেল যোগাযোগ নেই, তাঁদের বাধ্য হয়ে ভিড়ে ঠাসাঠাসি বাসের ছাদে বা বাম্পারে চেপেই ফিরতে হচ্ছে। তারকেশ্বর-ফেরতা বহু বাসে সেই দৃশ্য প্রকাশ্যেই। মৃত্যুঝুঁকি নিয়েই চলছে যাত্রী পরিবহণ। এখানেও এলাকার মানুষের প্রশ্ন সেই প্রশাসনের ভূমিকা নিয়ে। বাসের ছাদে যাত্রী তোলা ও বহন করা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও, সেই আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই আরামবাগ মহকুমার বিভিন্ন রুটে দিনের পর দিন চলছে বাসের ছাদে যাত্রী পরিবহণ। বিশেষ করে তারকেশ্বর-আরামবাগ এবং আরামবাগ-তারকেশ্বর রুটে এই ছবি এখন প্রায় নিত্যদিনের।