দুগ্ধ ও দুগ্ধজাত ক্ষেত্রে ২৫০ কোটির বিনিয়োগ
হাওড়ায় ২৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণার ঠিক পরেই শিল্পনীতির প্রস্তুতি নিয়ে ‘সুখবর’ শুনিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। এ দিন তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার সকাল ১১টায় নবান্নে আইসিসি-সহ বিভিন্ন বণিকসভা এবং রাজ্যের শিল্পপতিদের নিয়ে বৈঠক করা হবে। সেখানে জমি নীতি থেকে শুরু করে ইনসেনটিভ—রাজ্যের শিল্পনীতিতে কোন কোন বিষয়গুলি পরিবর্তন করা প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিভিন্ন বিষয়ে শিল্পপতি এবং বণিকসভাগুলির পরামর্শও নেওয়া হবে।’ মন্ত্রী জানান, এর পরে বণিকসভা এবং শিল্পপতিদের পরামর্শ শিল্পসংক্রান্ত গ্রুপ অফ মিনিস্টারস-এর কাছে যাবে। পরে সেই খসড়া রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেলে আইনে পরিণত হবে।