আউশগ্রামে ‘গ্রামছাড়া’ তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন, গ্রেপ্তার সক্রিয় বিজেপি কর্মী! দায় অস্বীকার পদ্মশিবিরের
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায় আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। পেশায় কৃষক তাপসবাবুর পরিবারের দাবি, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর হুমকি ও বিক্ষোভের মুখে পড়েন তিনি। নিরাপত্তা ও প্রাণভয়ে বাধ্য হয়ে তিনি গত কিছুদিন ধরে গ্রামছাড়া রয়েছেন। পরিবারের চাষাবাদের কাজে ব্যবহারের জন্য বাড়ির সঙ্গে লাগোয়া খামারের ছাউনির নীচে একটি ট্রাক্টর রাখা থাকত। অভিযোগ, গভীর রাতে রাজনৈতিক প্রতিহিংসাবশত সেই ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা।