গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ, উদ্ধার বস্তাবন্দি দেহ - 24 Ghanta Bangla News
Home

গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ, উদ্ধার বস্তাবন্দি দেহ

Spread the love

এক গৃহবধূকে নৃশংস ভাবে কুপিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম অপর্ণা দাস (৩২)। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খুদরুন গ্রামের ঘটনা। রবিবার সকালে বাড়ির পাশের একটি জমি থেকে অপর্ণার হাত-পা বাঁধা বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, অপর্ণার স্বামী ও একমাত্র ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। সেই কারণে বাড়িতে একাই থাকতেন অপর্ণা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে অপর্ণাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরে একটি বস্তায় তাঁকে ঢুকিয়ে হাত-পা বেঁধে বাড়ির পাশে একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

রবিবার সকালে স্থানীয়াই প্রথমে এলাকায় বস্তাবন্দি দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপর্ণার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতের গলায়, ঘাড়ে ও মাথায় একাধিক ক্ষত রয়েছে। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। কী কারণে অপর্ণাকে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে পরিবারের সদস্যদের দাবি, পরকীয়ায় টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *