হাসিনার অনেক বক্তব্যে সায় নেই, ঢাকাকে ফের বলল দিল্লি
এই সময়: বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করতেই তাদের শান্ত করতে নামল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু মন্তব্যে প্রবল খাপ্পা বিএনপি সরকার। নিজের বক্তব্যে এবং প্রশ্নের জবাবে হাসিনা যেমন ‘মুক্তিযুদ্ধের মাস’ ডিসেম্বরে দেশে ফেরার কথা ফের ঘোষণা করেন, তেমনই তারেক রহমান সরকারকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে বলেন, ‘আগেও বলেছি, আরও এক বার বলছি— ৫ অগস্টের সাংবাদিক সম্মেলনটির উদ্যোক্তা ছিল একটি বেসরকারি সংগঠন। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। শেখ হাসিনার অনেক বক্তব্যের সঙ্গেও নয়াদিল্লি একমত নয়।’ তাঁর কোন বক্তব্যগুলি ভারত সরকার অনুমোদন করে না, জানতে চাওয়া হলে রণধীর বলেন, ‘ঢাকার বর্তমান নির্বাচিত সরকার সম্পর্কে শেখ হাসিনা যা বলেছেন, তার সঙ্গে ভারত সরকার একমত নয়।’